"ব্লগটক।" একটি আলোচনার টেবিল। যেখানে কথা বলে হাতের আঙ্গুল। কেউ আমেরিকা, কেউ লন্ডনে, কেউবা দেশের মাটিতে। যে যেখানেই থাকুক না কেনো, সুনির্দিষ্ট ইস্যু নির্বাচন করে সবাই মিলে বসতে পারি একই টেবিলে। পক্ষে-বিপক্ষে আলোচনা করে উপসংহার টানতে পারি, সিদ্ধান্তে পৌছাতে পারি, সংগঠিত মতামত তুলে ধরতে পারি বিশ্ববাসীর কাছে। ব্লগার সেন্টিমেন্ট দূর করে দিতে
পারে অনেক অসঙ্গতি, জনদূর্ভোগ ও অমানবিকতা।
ব্লগটক নিয়ে আরও সহজ ভাবে বলা যায়, ব্যাপারটা টিভি চ্যানেলের "টকশো" র মত। সেখানে সুনির্দিষ্ট কয়েকজন মানুষ বক বক করেন, আমরা চুপচাপ শুনি। কোথাও কোথাও হয়তো টেলিফোন করে লাইভ আলোচনায় অংশ নেয়ার সুযোগ থাকে দর্শক শ্রোতাদের। কিন্তু সেটাও সীমিত। অফুরন্ত মতামত প্রকাশের সুযোগ হয়না। কিন্তু আমরা যারা ব্লগিং করি, তারা চাইলেই পারি অফুরন্ত কথা বলতে। গঠনমূলক আলোচনা করতে।
এই লেখালেখি আমাদের নাগরিক সুবিধা বৃদ্ধি, জনদূর্ভোগ হ্রাস, দেশ ও জাতির কল্যাণে সময়োপযোগী গঠনমূলক মতামত বিশ্লেষণের একটি প্লাটফর্ম হিসাবে চিন্হিত হতে পারে। আমরা যারা ব্লগিং করি, বিশেষ করে সামু প্লাটফর্মে যাদের একনিষ্ঠ ওঠাবসা, তাদের মধ্যে যে কেউ "ব্লগটক" উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে পারেন। প্রতি সপ্তাহে দু'বার করে সামু ব্লগে হতে পারে ব্লগারদের খোলাখুলি মতামত বিশ্লেষণ।
ধরুণ ঢাকাসহ সারা দেশে ফিটনেসবিহিন মোটরযান ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বিআরটিএ। যানজট নিরসণ ও দুর্ঘটনারোধে এ উদ্যোগ নেয়া হয়েছে। এটি নিয়ে সারা দেশেই পক্ষে ও বিপক্ষে হয়েছে সাধারণ মানুষের মধ্যে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও উঠে এসেছে নানাধর্মী প্রতিক্রিয়া।
"ফিটনেসবিহিন মোটরযান অভিযান, জনদুর্ভোগ ও মানবিকতা" বিষয় নির্বাচন করে আমরা ব্লগাররা মতামত দিতে পারি। সেখানে কেউ চায়লে তার পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেও মতামত দিতে পারেন। পোস্টে চলমান মতামত গুলো সারসংক্ষেপ করে সেটি আপডেট করার দায়িত্ব পোস্টদাতাকে পালন করতে হবে।
আপাতোত প্রস্তাবনা হিসাবে উপস্থাপন করা হলো "ব্লগটক।" আপনাদের সুচিন্তিত মতামত পেলে উদ্যোগটিকে এগিয়ে নেয়া যায়। আলোচনার বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে কারোর কোন পরামর্শ থাকলে তা মন্তব্যে উল্লেখ করতে পারেন। সামু কর্তৃপক্ষ চায়লে নিজেরাও এ ধরণের উদ্যোগের সমন্বয়কারী হতে পারেন। সবার অংশগ্রহনের মধ্যে দিয়ে প্রাণবন্ত হয়ে উঠতে পারে সামুর ব্লগটক।
--------------------------------------------------------------------------
সুনির্দিষ্ট এই বিষয়গুলো নিয়ে সংখ্যা গরিষ্টের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যায়।
(১) সপ্তাহে কবে কবে সামু ব্লগে আমরা "ব্লগটক" করতে পারি?
(২) কয় ঘন্টা ধরে হতে পারে আলোচনা?
(৩) আলোচনা চলাকালে যাবতীয় তথ্য আপডেট করার দায়িত্ব বন্টনের বিষয়ে পরামর্শ।
(৪) ব্লগটকের আলোচনার বিষয় বস্তু নির্ধারণের কৌশল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


