ঠিক বুঝতে পারছিনা, আমি মারা যাচ্ছি
নাকি দ্বিতীয়বার আমার পুনর্জন্ম হচ্ছে।
আমি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছি?
নাকি ডারউইন এর বিবর্তনবাদের
কোন প্রাগৈতিহাসিক অ্যামিবা আমি?
আমি কি ঈশ্বর? নাকি সদ্য মৃত্যুদণ্ড প্রাপ্ত
কোন যুদ্ধবন্দী? (যে ঈশ্বরের কাছে
চেয়ে নিচ্ছে সর্বশেষ পানাহ)
আমি আমার অস্তিত্বকে কেন স্পর্শ করতে
পারছিনা? আমি কি মহাশূন্যে? আমি কি
কোন ব্ল্যাক হোলে? ল্যাটিনের কোন জঙ্গলে?
আন্দিজ এর কোন চুড়ায় দাঁড়িয়ে আমি কি
দিগ্বিদিক জ্ঞানশুন্য কোন প্রাণী? আমি কি
ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের ওপর দাঁড়িয়ে
নিজের কাবাব তৈরি করছি? আমি কি
কোন কিংবদন্তীর কবরের ওপর
দাঁড়িয়ে পদতলে পিষ্ট করছি ঘাসফুল?
আমার অসুস্থ বোধ, সন্ন্যাসী বিবেক;
আমার অভ্যন্তরীন হৃদয় নামক অদৃশ্য
মাংসপিণ্ড; টুকরো হয়ে যাওয়া আমার
মনের দর্পণ এবং প্রথম জন্মেই বিসর্জিত
হয়ে যাওয়া আমার আমিত্ব সবাই মিলে
আজ মেতে উঠেছি এক ধ্রুপদি অগ্ন্যুৎসবে।
আর অল্পক্ষণের মধ্যেই আমাকে গ্রাস করবে
আমার তৃতীয় মৃত্যু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




