আমি নিজেকে একেকবার তোমার শরীরের
একটি ছিটমহল ভেবে ভেবে গর্বিত হই।
আমার কোন আন্তর্জাতিক সীমারেখা নেই
রাজা নেই; রাজধানী নেই; নেই রাজবাড়ী
আছে শুধু মানচিত্রে বিচ্ছিন্ন একা অভিমানী
এক টুকরো অবস্থান।
অনেকটা উপকূলীয় দ্বীপের মত
যদিও আমি তোমার সমুদ্রসীমায়-কিন্তু
মাঝে মধ্যেই এখানে হানা দেই জলদস্যুর দল
আমি যেন তোমার শরীরের একটি ছিটমহল
যদিও তোমার সীমানায়; তবু আমি সীমানাহীন
আর তাই মাঝে মধ্যেই এখানে অনুপ্রবেশ করে
প্রতিবেশীর জলপাই রঙের গাড়ি আর উর্দি পরা
হানাদারের দল। দলিত মথিত আর কর্ষিত
করে আমার বুকের জমিন।
বদলে দেয় মানচিত্রে আমার আকৃতি।
আবার কখনো জলোচ্ছ্বাসে ভেসে যায়
আমার উদ্বাস্তু স্বপ্নের বাস্তুভিটা
সারা দ্বীপময় বেজে ওঠে অবসকিউরের ঘুমপাড়ানি গান।
আর আমি এদিকে মাথা কুটি দ্রোহে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




