এক এক করে নিভে যায় মফঃস্বলের সবগুলো ঘরে
জ্বলতে থাকা মিহি আলো। কালো বিড়ালটা হাই তুলে
আবার ঘুমিয়ে পরে। স্টেশনের মোবারক চাচা তার
বিনোদন পত্রিকা বেচার থলের ওপরই মাথা রেখে
মশা মারতে মারতে অবশেষে ঘুমিয়ে যায়। এদিকে
মধ্যরাতের উৎসবে মেতে উঠতে অত্যুৎসুক যুগলের
প্রস্তুতিপর্ব শুরু হয় সবেমাত্র। এবং রমনীর কমনীয়তায়
উদাসীন স্বামী পাশ ফিরে শোয়।
ঠিক তক্ষুনি হঠাৎ ভালবাসা আমার জানালার গ্রীল ভেঙ্গে
আলোর গতির সাথে পাল্লা দিয়ে রাজশাহীর কোন এক
অখ্যাত বাড়ির উঠোনে হাঁপাতে হাঁপাতে পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




