আর কতদূর?
দেখে নিও একদিন_
একদিন আমরা সবাই আবার সব ভেঙ্গে-চুড়ে
প্রাপ্তির কাছাকাছি যাবো_
রোদেরা যেমন যায় কার্ণিশে_
বাবুইয়ের ঘরে_
ভোরের কুয়াশা ছিঁড়ে খুঁড়ে।
তুমি দেখে নিও একদিন_
একদিন অন্যরকম কিছু ভ্রান্ত ধারণার কথা বলে
তুমি আর পারবেনা_রাখতে সরিয়ে আমাদের-
প্রাপ্তির কাছ থেকে-নিষ্ঠুরভাবে এতদূরে,
এরকম ভালবাসাহীন_
এরকম 'অনেক থেকেও' এতো একা।
আমরা আকাশ, অরণ্য, নদী ও পাহাড়
সীমান্তের শেষ সংকেত
বিরুদ্ধ মাইলপোষ্ট ভেঙ্গে চুড়ে
প্রাপ্তির কাছাকাছি যাবো_
কোথায় রাখবে তুমি সরিয়ে আমাদের
আর কতদূর?
আমাদের হৃদয়চিরে একবার
তীক্ষ্ন চীৎকারের মতো ধ্বনিত হলে
সেই ইতিহাস হয়ে যাওয়া 'প্রাপ্তি'র লক্ষ, কোটি, অযুত যতো নাম
তোমারও হৃদয় কাঁপবে, তীব্র তৃষ্ণায়,
টলে যাবে ভুল, ভ্রান্ত ধারণার সকল অন্ধ অলি-গলি
পেরিয়ে অতঃপর,
একটা আর্ত আহত স্বর_
সমস্ত মিথ্যে ধ্যান,
সমস্ত মিথ্যে ধারনার গায়ে ছুড়ে দিয়ে_
তুমিও আসবে ছুটে নায়গ্রা প্রপাতের মতো
আমাদের সাথে মিশে গিয়ে
তুলে নিতে
'প্রাপ্তি' আবার।.....
তুমি দেখে নিও_ প্রতিদিন, গোলাপের ঘ্রাণ হয়ে
'প্রাপ্তি' ভাসবে বাতাসে_
স্মৃতির সুবাস হয়ে জড়াবে
আমাদের দগ্ধ চেতনায়।
কোথায় রাখবে তুমি সরিয়ে 'প্রাপ্তি'-কে,
আর কতদূর?
চৈত্রের চন্দ্রিমা রাতে
শাওনের পূর্ণ অমাবস্যায়_
বৃষ্টিতে_ ব্যথা গানে_
বৈরী বরষায়_
আমাদের অনন্য ঐক্যের অটুট এক দরোজায়
তুমি দেখে নিও,
তুমি দেখে নিও_চিরকাল
'প্রাপ্তি' থাকবেই থাকবে
আমাদের প্রতি সুখের উচ্ছাস_
প্রতি কষ্টের নিঃশ্বাসে, মিলে-মিশে..... ।
একদিন, প্রতিদিন, অনন্তকাল....।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




