যেখানেই যাও, যতোদূর, মেঘের ওপারে
জানি আসবেই ফিরে বারবার-
হদয় শেকড় আছে- গ্রথিত, যেখানে ।
যেখানে বৃষ্টি বরষা হয়ে ঢাকে অনায়াসে অশ্রু তোমার-
যেখানে মৃত্তিকা মমতায় ঢাকে- কষ্ট, তুলনাহীন কমণীয় কথাছলে-
সে বিশাল অনন্ত আশ্রয়-সে অবাক মায়ার বৃক্ষ
বিতৃষ্ণার দৃষ্টি হেনে- ছুঁড়ে ফেলে-
যেতে তুমি পারোনা কিছুতেই-
আমার বিশ্বাস-আলো-
অপেক্ষার পৃথিবী সব
এক ফুঁয়ে-নির্দ্বিধায়, মিথ্যে বানিয়ে...।
যেখানেই যাও, যতোদূর, মেঘের ওপারে
তোমার মন পড়ে থাকে জানি-
বাগানে আমার-
কেউ না জানুক- আমিতো জেনেছি কী প্রবল
ঘৃণায় সরিয়ে সব স্বর্ণ মাদল-
পাখী হতে চেয়েছো চিরকাল-
নিঃসঙ্গ, নিসর্গে আমার !
যে শহর প্রাণান্ত প্রণয়ে ভিজে- বৃষ্টিতে সারাবেলা
যেখানে অবিরাম তোমার নাম উচ্চারণে
জমে ওঠে- আকুল অনন্য এক
গীতিময় কবিতার রাত-
জানি তোমার সাধ্য নেই, সেই প্রেম
সে অনন্য মায়ার নগরী- দুপায়ে মাড়াতে-
জানি তোমার শক্তি নেই-
সে অমোঘ টান, সে ভালবাসা উপড়ে ফেলে
চলে যেতে নিতান্ত অচেনা এক,
অনাচারী, সমৃতির ওপারে।
জানি যেখানেই যাও, যতোদূর, মেঘের ওপারে
তোমার কান্নাভেজা সব চিঠি
শেষে তুমি পাঠাবেই
বিরহী এ বারান্দায়,
আমার এতোকাল অপেক্ষার কষ্টের কার্নিশে-
জানি, তোমার সব আকুলতা, সব মর্মস্পর্শী বোধ
রক্ত ঝরানো যতো গোলাপ হয়ে
ফুটে উঠবে শেষে- আমার কবিতায়
যা পড়তে পড়তে শীতের কুয়াশায় ঢাকা
কম্পমাণ এই রাত্রির শহর-
অবিশ্বাস্য স্তব্ধতায় জেনে যাবে- কী প্রবল অনিঃশেষ প্রেম-
কী প্রবল বিশুদ্ধ বিশ্বাস-
ফেরায় তোমাকে বারবার-
ঘুরিয়ে ফিরিয়ে- অণুক্ষণ-
আমারই আঙিনার দিকে-
কী প্রবল অনুশোচনাময় বেদনার্ত চোখ নিয়ে
তুমি এসে দাড়াও নিঃশব্দে-
সুকঠিন অগ্নী পরীক্ষায়- বহুবার চিনে নেওয়া-
দীর্ঘ অপেক্ষমান, আমার দরোজায়...।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


