০১.
কেবলই আমি
আকাশ উবু হয়ে
আমাকে দেখার কসরতে
দিগন্ত হয়ে গেছে।
হ্যাঁ, সত্যি বলছি!
আমাকে দেখা ছাড়া
পৃথিবীর বিছানায়
কী এমন আছে আকর্ষক?
আমিই আকাশের প্রেম
আমিই পৃথিবী
আমিই পৃথিবীর সব
আমার অস্তিত্বই পৃথিবীর অস্তিত্ব!
ওই আলেয়ানীলে
জেগে থাকা নক্ষত্রদল আর
দৃষ্টি-চিত্তসুখের চাঁদের চোখ
অনন্ত নিবন্ধিত অবনত কেন?
বিস্মিত সেইসব গগণবাসী
আমাকে দেখে- অবাক চোখের পড়েনা পলক...
এই বাতাসের হু হু বয়ে চলা
সময়ে উদ্ধত আদিখ্যেতা
পাখিরদের শূন্য পরিভ্রমণ
শুধু আমার জন্যে, আমার প্রেমে!
আমি নেই
আমিত্ব নেই
সংঘাত নেই, সংগ্রাম নেই
সংসার নেই, নক্ষত্র নেই
আকাশ নেই, পৃথিবী নেই...
আমার জন্য সাম্রাজ্যবাদ
আমার জন্যই সাম্রাজ্য বাদ
আমার জন্য রাত্রিদিন
আমার প্রেমেই রোদের দীর্ঘ সফর...
পৃথিবীর প্রশ্নে- উত্তর একটাই
আমি! আমি!! কেবলই আমি...
০২.
গন্ধমঙ্গল
পোয়াতি ধান ক্ষেতের আলে
কালোজিরা ধানের কাঁচা গন্ধ ওড়ে
আমি থমকে দাঁড়াই অচিন আনন্দে
পৃথিবীর সব সুগন্ধি বণিক শোনো,
একবার এসে দ্যাখো কি অপার মৌতাত...
আমার পথেরা কোথায়?
আমি কোন পথে যাবো?
আমি কি ফিরবো না ঘরে?
মুগ্ধ নাচনে সত্তার কোষে কোষে
কালোজিরা ধানের কাঁচা মৌতাত
দীর্ঘ জীবনের প্রত্যশা বাড়ায় আমার।
আহা! মুগ্ধসুবাস। আহা! আতপের গন্ধগান...
তোর অনুরাগে পথ হারালাম! কে বলে আমার বাড়ির পথ?
ওরে পুবাল রাখাল! বলে দাও কোন পথে ফিরি নবীনগরে?
"আহা! কত বছর ধরে পথ হারাতে হারাতে আমি
চিনিগুড়া আর কালোজিরা ধানের গন্ধে মাতাল হলাম
উজানের গাও ছেড়ে দৌড়াতে দৌড়াতে পেলাম সেই
মন আকুল করা কাঁচা আতপের ইন্দ্রিয়সুখ- মৌতাত...
আমি পথ হারানোর লোভে পূর্বে এসেছি
আর তুমি পথের জন্য হয়েছো আকুল?
কাঁচা ধানের ক্ষেতের আলেয়ায় পথ হারিয়েছো!
পেয়ে যাবে নিশ্চিত নয়া জীবনের সুবাসিত আলিঙ্গন..."

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


