- এই তোরা সব চললি কোথায়
- জোস্না মাতাল হিজল তলায়
- এইটা আবার কোন এলাকায়?
- পূর্ব জাওয়ার পথের ধারে
হিজলদানি বিলের পারে...
- সন্ধ্যা বেলায় কোন কারণে
চললি সবাই হিজলদানি?
- বুঝবি গেলেই! চাঁদের সাথে
হয় আমাদের কানাকানি
- হিজলদানির হিজল তলায়
‘শেষ পহরে’ রাত্রি গড়ায়
আড্ডা পাগল বন্ধুরা যাই
আমরা যেমন; জোস্নারা তাই...
হিজল তলায় কাব্য নামে
মাতাল সুবাস চাঁদের ঘামে!
- এ্যাই শুনেছিস কারো কাছে?
হিজল নামের কবিও আছে।
- এই কবি কি সন্ধ্যা বেলায়
ঝিম-গোধুলির কাব্য খেলায়
হিজল গাছের আউলা শাখে
জোস্না দিয়ে কাব্য আঁকে?
- এত খবর কেমন করে
আনব আমি তোদের তরে
এই কবিকে কাব্যে চিনি
ভাবের দেশে অন্য তিনি...
- হিজলদানির চাঁদাড্ডাতে
পারলে কোন ‘পূন্নি’রাতে
হিজল কবি আসুক চলে
আড্ডা মারি সদলবলে...
- দারুণ একখান আইডিয়ারে
আইন্যা ছাড়ুম এই কবিরে!
কবি হিজল জোবায়েরকে...
টিকা:
হিজলদানি> কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের একটা বিল।
পূন্নি> পূর্ণিমার আঞ্চলিক।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




