
থামো, এখানেই থেমে যাও।
আর এক পা বারালেই তুমি
মাড়িয়ে দেবে শহিদের বুক।
আর এক পা বাড়ালেই রঞ্জিত হবে
তোমার পদ যুগল।
থোক থোক জমে যাওয়া রক্ত
শুকিয়ে আছে তাজা ঘাসের ডগায়
থেমে যাও পথিক, থামো তুমি।
হাজার লাশের গলিত উর্বরতায়
সুজলা সুফলা জন্মভূমি।
তরতরিয়ে লতিয়ে ওঠে
অচেনা বুন গুল্ম।
বুকের গভীরে ছড়িয়ে দেয় তীক্ষ্ন শিকড়
শুষে নেয় তাজা উষ্ণ রক্ত।
আমারি হাতে আমারি ঝান্ডা
খন্ডিত হয় ক্ষুধার্ত হিংস্রতায়
লেলিহান লোভ চেটে চেটে গিলে ফেলে
রক্ত মাখা সবুজ গালিচা
পথিক তুমি ঘৃনা ভরে প্রত্যাখ্যান করো
ফিরে যাও, ফিরে যাও এই রাবনের সাম্রাজ্য ছেড়ে।
যদিওবা আসো ফিরে এই পুড়ে যাওয়া প্রান্তরে
দুটি ফুল এনো, ছড়িয়ে দিয়ো সীমানা জুড়ে।
আঁখি হতে দুফোটা জল, বইয়ে দিয়ে শীর্ণ নদীর ধারায়।
কান পেতো দেশ জুড়ে ছেয়ে থাকা লক্ষ সমাধিতে
যদি শোন দীর্ঘশ্বাস, বুলিয়ে দিয়ে হাত খানি পরম মমতায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



