দহন সুখ
************
ঝিরঝির বৃষ্টিমাখা দিনের বুকে বিষাদের জল ছিল
কাকভেজা হয়ে যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছিল
অবিন্যস্ত হাতের আড়ালে তুমি লুকিয়েছিলে বিষন্নমুখ
কি যেন ছিল চোখে, চোখেতেই কি রেখেছিলে চোখ
তীব্রগর্জনে ঠিকসময়েই ছেড়ে গেল সেই বিবাগী ট্রেন
তুমি কখনো বোঝনি হৃদয় সে কথা কবিরা জানেন
তুমি শুধু কি তোমাকেই বুঝেছ - আর কিছুই ছিল কি মনে
তুমিতো জেনেছ নক্ষত্ররাত নিবিড় শুদ্ধ মোহন ক্ষণে
তোমার কি সময় হয় আর শোনোকি সতীনাথ, সুমন
এখনো কি তোমার হাতে কবি জীবনানন্দ আনমনা হন !!
এখনো কি তুমি সেতারের তার ছুঁয়ে আমাকেই ভাবো চুপচাপ
এখনো কি তোমার নিশিঘরে ঘুরে ঘুরে কাঁদে বেহুলার সাপ
কখনো তোমাকে প্রশ্ন করিনি কী লাভ অযাচিত কৌতুহলে
তুমিই বলেছ বেদনা তোমার প্রিয় হাস্য কৌতুকচ্ছলে
নীরবে রেখেছি স্মৃতির মোড়কে তোমার অলীক বেদনা বিলাস
শিউলির কাছে মুগ্ধতা চেয়ে তুমিই ভুলেছ শরতের নম্র প্রতিভাস
আজো বসি জলের কাছে জলের আয়নায় দেখি অতীত দিনের ছায়া
এখনো আমাকে অনাবিল ঘিরে থাকে তোমাকে চাওয়ার অসীম মায়া !!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


