ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামী
সময় গুনছে শেষ মুহুর্তের –
আর একটু পরেই ঝুলে পড়বে দেহ মৃত্যুর কোলে
ফাঁসুড়ে প্রস্তুত, আর ক’মুহূর্ত মাত্র বাকী –
এমনই সময় সেইখানে এলেন তিনি ধীর পদক্ষেপে
একটানে খুলে ফেললেন খুনীর মুখের কালো মুখোশ
সজোরে কষিয়ে দিলেন গালে সপাটে এক চড়
অতঃপর ঘোষনা দিলেন –
‘আমি ক্ষমা করে দিলাম আমার পুত্রের এই হত্যাকারীকে
তোমরা ছেড়ে দাও ওকে – ’ !!
তিনি সেই নিহত ছেলেটির মা - সামেরে আলেনিজাদ
ইরানের এক প্রত্যন্ত অঞ্চলে তাঁর বাস
অশ্রুজলে ভাসতে ভাসতেই বললেন –
‘আমার সন্তানহীন ঘরে দিন যে কাটে না আর
এই খুনী ছেলেটির মা’ য়ের কিইবা অপরাধ –
ফাঁসি হলে সেই মা’ও কাটাবেন জীবন্মৃত জীবন
যে জীবন আমি কাটাচ্ছি আজ পুত্রহীন আমার ঘরে –‘!
একমাত্র মায়েদের মনই হয়তো ঈশ্বর গড়েছেন
এমন অতুলনীয় মহত্বের উপাদানে –
মা’ – আজো তাই ধরণীর শ্রেষ্টতম সৃষ্টি –
যুগে যুগে – মহাকালের অদেখা অভিধানে --!!
তোমাকে প্রণতি মাগো – সহস্র প্রণাম
তুমিই সভ্যতার অমৃত মহানাম ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


