আমার ছোটবেলার ফুল
সৈয়দ আফসার
রাত্রি গভীর হলে নিঃসঙ্গতা জানালার শিক বেয়ে ওঠে, আহ্লাদ তার নিকট যাবার তীব্রকাঙ্কা চাখে প্রেসারকুকারে; ইচ্ছেকথা একারে থাকে না হরনিয়া চোখে; তখনই প্রতিযোগিতা শুরু… আলো-অন্ধকার যদি জলতেলহীন ফ্রাই হত তবে বলতাম ধরো দেওয়াল নাও,খোলো গোপন টান; রসাবেগ সুনসান হলে আমাকে বলো নিঃসঙ্গকাহন। কার ইচ্ছে আমাকে দাঁড়িয়ে রাখে? কতদূর এগুলে ব্যথা নাক সিঁটকে ওঠে মনবাগানে। কার ইশারা নিজের ভেতর সম্পর্কশূন্যতা বাড়ায়… টানা অন্ধকারে তারাগুলো নাই ফুটুক আমি ঢেকে ফেলবো শেষরাত্রিকে দেহের বল্কলে।চেতনা আমাকে অন্ততঃ টেনে নিয়ে যাক দংশনের দিকে। অন্ধকার অতিক্রম করলেই জ্যোৎস্নাকাঙ্খায় স্মিত হেসে গ্রাস করবে সংশয় মধ্যরাতের দ্বিধা।রাত্রিকে অন্তরাশ্রিত করে দেনার সম্মতি দিনদিন বাড়ছে নষ্টচোখে। অন্ধকারে চোখ খুলি, জ্যোৎস্নায় চোখ মুদে একগোছা স্বপ্নকে নগ্ন করে দেখি… দেখি মোহময় শৈশব ফুলেফেঁপে আলগা শোভা পাচ্ছে আয়নার এপাশ ওপাশ ধরে। এই বয়সেও ওভারকোট পরি!বিচিত্র অভিজ্ঞতা কচি বয়স টানছি পাশাপাশি। অঞ্জলি চাপলে বাড়তি অনুরাগ থামে… বলি ভিন্নমাত্রার জীবন একবার হও তুমি ভোরে বাতাস! স্মৃতিকে প্রাত্যহিক শুষে লও মৃত বিচানায়; দিরারাত্রিকথা সান্দ্রমন্দ্র হয়ে ঘুরছে, কাল-ক্যালকুলেশন নাড়াচ্ছে টনক; আমাকে ডাকছে কবর!
এই যে তুমি ফুটপাত ছাড়া পিচরাস্তায় নুড়ি পাথর গুলোকে রেখে হেঁটে গেলে ভরদুপুরে, আমি আশ্চর্য ভঙিমায় তাকালাম… যেভাবে বরষাঋতু মন জাগিয়ে রাখত আষাঢ়ে ফোটা থোকা থোকা কদমফুল গুলো নিয়ে খেলতাম, শাদাপাপড়িকে আলাদা কৌটায় রেখে হলুদাভ পাপড়িকে অন্য কৌটায় সাজাতাম। একটি কদম ফুলের মধ্যে তিন ধরণের গন্ধ পেতাম; স্কুল থেকে এসেই আবার কদমফুল কুড়াতাম… আর এখন আষাঢ় এলে গূঢ় বাতাসে আশ্রয় টেনে রাখছি দু’পাযের ফাঁকে… অজানার ভেতর পায়ের ছাপ কোথায় লুকালো! আমি কি জানতাম? শ্বাসের ভেতর হাঁটতে না-শিখা নুড়ি পাথর গুলো ওভাবে হোঁচট খাবে বাতাস ছুঁয়ে না-আসা তোমার হাঁটার শূন্যস্থানে। সব কিছুরই এক সময় ইতি টান পড়ে, রোদের উল্টাপাল্টা ব্যবহারে দেখে আমরাও তাকে নিয়ে লোফালুফি খেলি, সেও আমাদের সাথে খেলে তৃপ্তি পায়। রোদকে বারবার জিজ্ঞাসা করি, কেনো সে আমাকে বাতাসের হাতকড়া পড়িয়ে রাখছে গোপনে, আমাকে কি ছায়া বানানো গেল না চন্দ্রিমারাতে? বলি উষরপ্রান্তে কে গো ঋণী হও? আমাকে সরাতে চাও?প্রত্যাগতবোধ। আমার ঋণ কার ধাক্কায় চৌচালা বেয়ে চন্দ্রবিন্দুর মতো কেঁপে জাগালো ব্যর্থকাম। সংশয়াচ্ছন্ন হল কারা? রক্ত ও বেদনায়।অথচ রহস্যস্পর্শ খুলে পাঠ হল; পড়োশিও জানে— তোমার টাটকা হাতের প্যাঁচ থেকে খুলে রাখা ভীতিশব্দ, ঝন্-ঝন্ করুক হাতের কাঁকন; ঝরে পড়ুক দেনাসহ অস্পর্শ নোখ ও আঙুল। আড়াল জীবনের পাশাপাশি দাঁড়ানো ফুল আর নারী। প্রসঙ্গক্রমে ফুলকাহন তো নারী দেহজাগানিয়া কৌতূহল, কারো খোঁপায় ফুলগাঁথা দেখলেই বলতে ইচ্ছে হয় ভালোবাসি, কাকে ভালোবাসী?ফুল না নারী… সর্ষে,বেলি,বকুল,শিমুল,রজনীগন্ধা,গোলাপ,হাছনাহেনাফুল বিষয়ে আমার দূর্বলতা মনোলোভার মতো ফুলের কথা ভাবলেই শিউলি ফুলের কথা বেশি মনে পড়ে… কেনো সে জীবন পেল মাত্র একটি রাত; রাত্রি গভীর হলে আজো জানালার ফাঁক দিয়ে আমার বিছানায় ঘুমিয়ে পড়ে হাসনাহেনার ঘ্রাণ…
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



