বিবৃতিগুচ্ছ ৩
সৈয়দ আফসার
তাকে পেলাম; শূন্যে জড়ো-করা ছায়ায়
প্রকাশ এটুকু... সুকীর্তি অন্য কিছু নয়
দু-চারটি অনুনয়, বিনুনয়
আমাকে চিনে রাখে বনবাড়ি থেকে হেঁটে আসা
রূপবতী নিমপাতা, মেথিশাক-ডাঁটা
এই ধরো-- তালু হাতে আমাকে ক্ষুদ্রাকৃতি করো
দেখো, তিন দিনের সবুরে ফুটে কয় দিনের মেওয়া
নিজ দখল যে উইড়্যা যায়, পিঞ্জিরার কাছে আত্না
নিজের ভেতর অজস্র বিস্মরণ; সেও অধরা
বেঁচে থাকার শোক, আশা-কৃতি যেন কাল সামাজিক
গত শীতে আমারও প্রস্তুতি ছিল ঘনায়মান সন্ধ্যাভাব
ঝাঁক রোদ টেনে সন্ধ্যাকে হত্যা করতে পারেনি বলে
দু্ঃখ পেল চোখ ও নোখ
সূর্যাস্তের পূর্বক্ষণে আমার বে-ভোলা স্মৃতিরা যেন
রক্তাক্ত ছায়া মোড়ানো কফিন
তাকে পেলাম; রহস্য-বনের ধারে উলটানো পাতায়
জন্ম-মৃত্যু এমন নিয়মে বাঁধা; ছুঁতে মন চায়...
প্রাণ খুইল্যা দিলেই বাঁচি জীবিতদের আত্নায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


