ব্রিটেনের মানুষ চলমান দাঙ্গার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে নানা ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। বেশির ভাগই টুইটার, ফেসবুকে দাঙ্গার ভয়াবহ সব ছবি আপলোড করছেন, এগুলো ব্যবহার করে বর্ণনা করছেন এই সমাজঘাতী দাঙ্গার খারাপ দিকগুলো।
গত পাঁচ দিন ধরে লন্ডন ও ব্রিটেনের বিভিন্ন শহরে দাঙ্গার নামে যে লুটতরাজ ও সহিংস কর্মকাণ্ড চলেছে, তার বিভিন্ন ছবি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ছাড়া মানুষের হাতের মুঠোফোন ও লুট হয়ে যাওয়া দোকান ও বিপণি বিতানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে এর ভয়াবহ সব ছবি। ব্যক্তিগতভাবে ধারণ করা লুটপাট ও সহিংসতার বিভিন্ন ছবি এখন ব্যক্তিগতভাবে আপলোড হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এসব সামাজিক যোগাযোগের ওয়েবসাইট থেকে লুটেরা ও সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পরিকল্পনা করেছে।
বিভিন্ন ব্লগ স্পটেও দাঙ্গার ভয়াবহতা প্রকাশিত হচ্ছে। এ ব্যাপারে সাধারণ মানুষ কী ভাবছে, সেগুলো ফুটে উঠছে বিভিন্ন ওয়েবে ও ব্লগে। ব্যক্তিগতভাবে চলমান দাঙ্গার প্রতিবাদে গড়ে ওঠা একটি ব্লগের স্বত্বাধিকারী বার্তা সংস্থাকে বলেন, ‘দাঙ্গার ভয়াবহ চিত্র মানুষ দেখতে পাচ্ছে এসব ব্লগে ও বিভিন্ন ওয়েবসাইটে।’ তিনি বলেন, গত দুই দিন ধরে আমার ব্লগেই শত শত ছবি আপলোড হচ্ছে। ছবি ও ভিডিওর চাপ কুলিয়ে উঠতে পারছে না ওয়েবসাইটটি।’
টুইটার ও ফেসবুকে পেজ খোলা ছাড়াও দাঙ্গার বিরুদ্ধে আলাদা ওয়েবসাইটই গড়ে উঠেছে। এমনই একটি ওয়েবসাইটের নাম ‘ক্যাচ দ্য লুটারস’। এই ওয়েবসাইটে দাঙ্গায় লুটতরাজের সঙ্গে জড়িতদের বিভিন্ন ছবি প্রকাশিত হচ্ছে। ব্রিটিশ পুলিশ এমন ওয়েবসাইটের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পারছে খুব সহজেই। ওয়েবসাইট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


