যেইখানে দিয়েছি মেলে জীবনের সতেজ শরীর
প্রিয় ছিল একদিন যে দেশের সকালের রোদ,
ডাল মাখা ভা্ত, সর ভাসা চা,মুচমুচে চানাচুর,
রিকশার গান, নিউমার্কেটে উজ্জ্বল কিশোরীর দল...
প্রিয় ছিল একদিন যে দেশের নগরের কাক,
উড়াল চড়ুই,জোড়া শালিক, রাস্তার কলরব
প্রিয় ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার সারি, নির্জন ঘাস,
সোনালু, জারুল আর লাল পাড় শাড়ি
এমনকি আকাশ আটকে রাখা সারি সারি বাড়ি,
এমনকি শহরের দমবন্ধ দুপুরের তপ্ত নিশ্বাস,
বৈকালিক যানজট পেরিয়ে সংগ্রামী ঘরে ফেরা,
ব্যক্তিগত বারান্দায় সন্ধ্যার কামিনীর মৃদু সুঘ্রাণ...
সেই সব প্রিয়জন ছেড়ে, স্বজনের ব্যথিত মুখ,
জন্মানো, না জন্মানো সব শিশুদের শব বুকে নিয়ে,
স্বপ্ন- দুঃখিত শহরে বিশ্বাসঘাতকের ছুরি বুকে নিয়ে,
ব্যক্তিগত ও সামষ্টিক ব্যর্থতা্র গ্লানি বুকে নিয়ে,
পুত্র এবং পিতৃহত্যার বিচার না চেয়ে আমি চলে যাবো ,
এই ঘুনে-কাটা রাজনীতি, এই ধর্ষিত জনপদ ছেড়ে,
উন্মুল বৃক্ষের মত, অভিমান বুকে নিয়ে,
বিষণ্ণ বাংলাদেশ বুকে নিয়ে আমি দেশান্তর হব
-কাজী তাহমিনা
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


