সময়ের পাখিগুলো কেমন করে ফুড়ুৎ উড়াল দিয়ে চলে যায়, তাই না? প্রায় দু'বছর আগে যখন সামহোয়্যারইন বাংলাব্লগের নামশুনে এখানে হাল্কা-পাতলা ঘোরাঘুরি শুরু করেছি তখনো কি জানতাম এটি একদিন জীবনের অবিচ্ছেদ্য অনুসঙ্গ হয়ে যাবে? তিন-চার মাস অতিথি থাকার পর যাওবা রেজিষ্ট্রেশন করেছিলাম, অনেকদিন কিছুই লিখি নি। বুকের জোর কম আর বাংলা লেখার ঝক্কি বেশী- এই কম-বেশীর পাল্লায় পড়ে একেবারে একনিষ্ঠ পাঠক হয়েছিলাম আরও বছর খানেক। তারপর কেমন করে যেন বুকে বল পেলাম! লিখতে লিখতে কখন যে অপরাজিত ৫০ হয়ে গেলো, টের ও পেলাম না! কত বড় লেখক এখান হতে ঝরে গিয়েছে আর আমি কচ্ছপের কামড় দিয়ে বসেই আছি! অনেকটা অতিকায় ডাইনোসরের বিদায় আর ক্ষুদ্র তেলাপোকার টিকে থাকার ইতিহাস মনে করিয়ে দেয়!
সাহস করে কখন ব্লগার পরিসংখ্যান দেখি, তখন অবাক হওয়া ছাড়া গতি থাকে না।
পোস্ট করেছেন: ৫০টি
মন্তব্য করেছেন: ৮৭২টি
মন্তব্য পেয়েছেন: ৭৭৬টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৮ মাস
ব্লগটি মোট ১৩৩৬০ বার দেখা হয়েছে
বলা হয়, মিথ্যা তিন প্রকার। ১. শুধু মিথ্যা ২. ডাঁহা মিথ্যা ৩. পরিসংখ্যান। সত্যতা খুঁজে পেলাম। যা মন্তব্য পেয়েছি তার অর্ধেকই তো প্রতি-মন্তব্য, নিজেরই করা! আর ব্লগটি যতবার দেখা হয়েছে তার অর্ধেকের বেশী তো আমার নিজেরই দেখা! সবকিছুর পর ও পজেটিভ হয়ে দেখলে চার শতাধিক মন্তব্য আর ছয় সহস্রাধিক প্রদর্শনী- খারাপ না, কি বলেন?
আরো মজার ব্যাপার হলো, এই সুদীর্ঘ ব্লগীয় যাত্রাপথে আমার কোন ব্লগীয় বন্ধু হয় নি, ভক্ত জোটাবার তো কোন প্রশ্নই ওঠে না! যে দুইএকজন আছে, তারা বাস্তব জীবনেও বন্ধু। হয়তো আমার নিজস্ব নিস্পৃহতাই এক্ষেত্রে দায়ী! এখনো আমি লেখকের নাম না দেখে শুধুমাত্র শিরোনামে চোখ বুলিয়েই ব্লগ পড়তে থাকি; ফলে প্রায়শইঃ পরিচিত লেখকের লেখা মিস করি। পরবর্তীতে আবার তার কাছ থেকে লিঙ্ক খুঁজে নিয়ে পড়তে হয়! তবু, নাই নাই করে ও নুশেরা, নাফিস, খারেজি, ইমন জুবায়ের, ম্যাভেরিক, যুথি, আহমদ মোস্তাফা কামাল, অপ্সরা, জটিল এর মত বেশ কয়েক জনের একনিষ্ঠ ভক্ত হয়ে গিয়েছি, সন্দেহাতীতভাবে! এদের কয়েকজনকে তো আবার ভয়ানক ঈর্ষা ও করি। এতো ভালো লিখে কিভাবে মানুষ? আর এতো হিট-মন্তব্যের জোয়ার কিভাবে সম্ভব?
ব্লগের অনেক ঘটনা-দুর্ঘটনার নীরব সাক্ষী আমি। ব্যান-আনব্যানের অনেকগুলো নাটক উপভোগ করেছি। নিজের একটা পোষ্টে মাত্র দুইখানা স্ল্যাঙ ব্যবহারের অপরাধে (!) পাঁচ দিন জেনারেল ছিলাম। একাধিক নিকের কারসাজি ও দেখেছি। কিন্তু এই একটা বাদে অন্য কোন নিক খুলতেই ইচ্ছে হলো না আজো!
সবশেষে বলতে চাই, একটা ব্যাপার আমার মাথাতেই ঢুকলো না, কোন পোষ্টটা হিট হবে আর কোনটা হবে না? আমার নিজের অবশ্য খুব বেশী হিট নিয়ে অতটা মাথাব্যাথা আছে তাও না। এই সব ছাতা-মাথা যে দুইচারজন পড়ে তাতেই তো বর্তে যাওয়া উচিৎ। কিন্তু, প্রশ্ন জাগে যখন আমার আজাইরা পোষ্টে অর্ধশত মন্তব্য এসে যায় , আর অনেক আশা নিয়ে, প্রচুর কষ্ট করে লেখাও অনাদরে পড়ে থাকে! এমন কেন হয়?
মা'কে নিয়ে একবার আমি একটি পোষ্ট দিয়েছিলাম। আমার বিবেচনায় এর চেয়ে ভালো আমি লিখতে পারি নি কখনো, নিকট ভবিষ্যতে পারবো বলে ও মনে হয় না! নিজের ব্লগে পোষ্ট স্টিকি করার সুযোগ থাকলে এটাই হোত আমার স্টিকি পোষ্ট।
আরেকটি পোষ্টের কথা বলতে পারি। স্বাধীনতা দিবসে ব্লগে প্রকাশিত উল্লেখযোগ্য লেখাসমুহের একটা সংকলন করেছিলাম , বেশ খেটেখুটেই। অনেকেরই কাজে আসবে বলে মনে হয়েছে। এছাড়া বাংলার চিরায়ত পোশাক লুঙ্গীর উপর একটি জ্ঞানগর্ভ (!) পোষ্ট দিয়েছিলাম । এটি হিট হয়েছে বলা চলে!
মানুষের অন্ততঃ একটা কাজে লাগলেও মন্দ নয়। সেটাই হোক এ অপ্রয়োজনীয় ব্লগের স্বার্থকতা।
বিঃদ্রঃ নিজের লেখার পাবলিসিটি কেমন করলাম?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



