
এ ঘটনা আমি নিজেও স্বীকার করি, কোন ভদ্রলোক প্রবাসে আসে না। নিজ দেশে অতিরিক্ত পাপের ফলাফল হইলো প্রবাস জীবন! কিন্তু একটা জিনিস জানেন, এই অতিরিক্ত খারাপ ছেলে গুলো তার পরিবারের জন্য করতে পারে না এমন কিছু নাই! কসম খোদার, কিচ্ছু নাই!
এই আপনারা যখন ঈদের দিন নামাজ পড়ে এসে প্রবাসীদের পয়সায় কিংবা প্রবাস থেকে পাঠানো ফোনের ক্যামেরায় যে ছবি তুলেছেন, আপনার সেই প্রবাসী আত্মীয়টি তখন চুপচাপ নামাজ পড়ে এসে দরোজা আটকে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে!
দুনিয়ার সবচাইতে বড় দু:খের নাম প্রবাস! হাজারো আজনবীর লুকিয়ে ফেলা চোখের পানিতে ভেজা এই প্রবাসের মাটি। আপনি জানেন কি? প্রবাসে থাকা আপনার আত্মীয়টির বুকে এক গালফ উপসাগর পরিমাণ কষ্ট! যে প্রবাসের অর্থ কারো ভাই কে, কারো বোন কে আপনাদের সমাজে উপস্থাপনে সহায়ক হচ্ছে, বাবা/মায়ের চিকিতসার অর্থের যোগান দিচ্ছে, সেই প্রবাসী দিনের মাঝে কতবার নিজেকে ভেংগে যাওয়া থেকে দাড়ঁ করাচ্ছে, আপনি জানেন?
আমাদের সমাজে ছেলে প্রবাসী শুনলেই বাকাঁ চোখে দেখা হয়! আপনি জানেন কি, এই প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিলে উন্নয়নের মহাসড়কে আপনাদের চাকা পাংচার হয়ে উন্নয়ন এর বাস দাঁড়ায় যাবে! এইসব অশিক্ষিত ছেলেদের, এইসব শ্রমিক দের, মা লাগে না, বাবা লাগে না, ভাই লাগে না, বোন লাগে না!
এমন কি এদের প্রেমিকা লাগে না! লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে থিতু হতে কিছুটা টাইম লাগে। এরি মাঝেই এদের প্রেমিকাদের ঝটপট বিয়ে হয়ে যায়। এরা মেনে নেয়, এদের মেনে নিতে জানতে হয়। অকল্পনিয় গরম আর মাত্রাত্ক্তি ঠান্ডায় কাজ করে বোনেদের বিয়ে দেয়, তাদের শশুর বাড়ির আবদার মেটায়, পরবর্তী বোনের জন্য আবার টাকা জমানো শুরু করে! বোনের বাচ্চা হয়, সেই বাচ্চা যখন প্রাইমারী পাশ করে তখনো তাদের বাড়ি যাওয়া হয়ে ওঠে না, বাপের জমি বেচেঁ আসছে, সুদে টাকা ধার নিয়ে আসছে, সেই টাকা শোধ করতেই মেঘে মেঘে অনেক বেলা হয়ে যায়।
এদের বউ লাগে না, এদের বাচ্চা লাগে না। এদের কখনো আফসোস করতে দেখবেন না! মুখে হাসি অবিরাম! এদের কারু বাবা/মা মারা গেলেও দেশে যেয়ে শেষবারের মত দেখাটা হয়ে ওঠে না, উপায় নাই, টাকা কোথথেকে আসবে?
তবুও এরা বেচেঁ থাকে, দেশ কে ভালোবাসে, পরিবার কে ভালোবাসে, ভোর চারটেয় কাজের জন্য ঘুম থেকে উঠে জীবনের উদ্দেশ্যে একদলা থুতু ফেলে বলে, কতখানি কষ্ট তুমি দিতে পারো জীবন, আমি দেখব, আমিও হারতে আসিনি!
ভালোবাসা সকল প্রবাসী শ্রমিক কে!
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


