
ফুফুর দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাইয়ের ছেলে-মেয়েসহ দলটির শতাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর ইস্কান্দারিয়া আলীম মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আ’লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধূরী নাছিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের নৌকা দিয়ে তার দলটিতে যোগদান করেন।
তারা হলেন-খালেদা জিয়ার চাচাতো ভাই আজহারুল হক মজুমদারের ছেলে একেএম মহিউদ্দিন সামু, আবদুল মোমিন মেম্বর, কামরুল ইসলাম, হাসনা বানু মুক্ত, হাছিনা আক্তার, আনোয়ার হোসেন, জীবন, রনিসহ দলটির শতাধিক নেতাকর্মী।
সদ্য আ’লীগে যোগদান করা সামু এক সময় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। বিএনপির সমর্থনে তিনি তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আ’লীগে যোগদান শেষে মজিবকোট পরে জয়বাংলা স্লোগান দিয়ে সামু বলেন, এখন থেকে শ্রীপুর থেকে জয়বাংলার স্লোগান উঠবে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, গুলশান থেকে ফোন আসছে শ্রীপুরে কী হচ্ছে, আমি বলছি আ’লীগের সমাবেশ চলছে। যতদিন বেঁচে থাকবো ততদিন জয়বাংলা স্লোগান আর মজিবকোট পরে বেঁচে থাকবো।
সদ্য আ’লীগে যোগদান করা সামু বলেন, খালেদা জিয়ার পরিবারের আচরণ ভালো না, তারা মানুষকে সম্মান করতে জানে না। সাংগাঠনিক কাঠামো ঠিক নেই। এসব কারণে আমি আ’লীগে যোগদান করেছি। আ’লীগের সব কিছু ভালো।
ফুলগাজী উপজেলা আ’লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি খায়রুল বাসার তপন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।
এর আগে, গত বছরের ১৩ নভেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের নেতৃত্বে জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগাদান করেন।
পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগ নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমের হাতে ফুল দিয়ে তারা দলটিতে যোগদান করেন।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


