একটি পাখি
শেষ গোধূলিতে
নীড়ে না ফিরে
প্রকারন্তরে না জলে না ডালে
তবু ডানার ভরসায়—
প্রস্তাবিত সুনীল আকাশে উড়ে গেল।
আর এইদিকে
নগর জুড়ে গাছ— কৃষ্ণচূড়া ফুটিয়ে ক্লান্ত
একটা একটা শব্দ গড়িয়ে পড়ছে —
কানের বয়াম থেকে
তবু গানের চারপাশে সূর্য ডুবে যায়
আর একটা সাঁজোয়া ট্রাকের বহর— অতিক্রম করে যায়
যাত্রীহীন রিক্সার উদর ভেদ করে
একটা গাছের শিকড়ের ভিতর দিয়া যেমন
আরেকটা— গাছের শিকড়
অথবা— এমন আরো অনেক এলোমেলো কিছুই
সুবোধের এই মাসে টিউশনির টাকা না পাইলে কি হবে
ভাবনার আড়ালে —
অথবা ভাবনার মাঝামাঝি দিয়া গোচরে অগোচরে
প্রবাহিত হইতে থাকে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




