এভাবেই কি ফিরিয়ে দিয়েছিলাম?
নাকি নিজেই ফিরে গিয়েছিলাম দুয়ার থেকে?
নাকি ফিরিয়ে দিয়েছিলো প্রত্যাখ্যানের যন্ত্রনা
সহযোগে, অথবা নিজেই গিয়েছিলো ফিরে-
যদিও এসব কথা ভাববার ঢের অবসর ছিল
তথাপি- অবসরগুলো ছাপিয়ে যায়
সেইসব পাতাঝরা শীতের কথা ভেবে
তুষার ভোরের মতো উজ্জ্বল দিন আর
হিম বৃষ্টির রাত অথবা
সার সার লন্ডন প্লেনেটরির ফাঁকে সূর্যের উকিঝুকি,
বিকেল বেলার হাইওয়ে ধরে ছুটে চলছে সময়
সাইসাই করে সরে যাচ্ছে সাবওয়ে সিটি
পেছনে পরে গেলো একটা খাঁচায় ঘেরা শিশু পার্ক
লাল থেকে সবুজ হওয়া স্ট্রিট লাইট
চকমকে হেডস্কার্ফ পড়া এক ইজিপশিয়ান বুড়ি
উড়ালসেতুর নিচে নাম না জানা ফুল
সমূহ অন্ধকার সমেত একটা ব্লাইন্ড লেন
শিপইয়ার্ড নৌ বন্দর বো তুলে ছেড়ে যাওয়া জাহাজঘাট
এইসব বহমান ঘটনা সাথে
তোমাকে ফিরিয়ে দেয়া অথবা তোমার ফিরে যাওয়া
ঘটনাবলীর জন্য
নিয়ত এক অতি আশ্চর্য
ভাঙচুর হয়
এক জন্মে হয় পুনর্জন্মের লয়।
কে জানে হয়তো এভাবেই ফিরিয়ে দিয়েছিলাম
অথবা গিয়েছিলো ফিরে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




