মাঝে মাঝে মনে হয়, আমি এখানকার কেউ না।
গোছানো একটা ঝলমলে ভিড়ে আমি কেবলই যেন একটা অযথা উপাখ্যান।
আমার রাতযাপন, দিনের মতই শুধু এক স্থবির চেয়ে থাকাসম।
আমার কোনো মত নেই কোথাও। নেই রঙের বিচার।
আমি এক নিষ্ঠুর উদারতা পুষে প্রতিদিন টেনেটেনে ছিঁড়ি আমার প্রত্যেকটি রক্তনালীকে।
আমি নিজেই নিজের রক্তচোষক এক বাড়তি উপাখ্যান।
অযথা ফুলে ঢাউস হয় আমার কষ্টের কোষগুলো।
আমার মৃত্যু হয়না।
আমার বেঁচে থাকাও হয়না। জীবাশ্ম থেকেই আমি এক জীবন্মৃত উপাখ্যান।
আমার কোন ভেদ নেই।
আমার কোন ক্ষেম নেই।
আমি এক আঁধারপন্থী উপাখ্যান।
আমি ছিন্ন নই, বিচ্ছিরি আমার সমস্ত বিচ্ছিন্নতা।
আমি এক খোঁড়া উপাখ্যান।
আমার সমস্ত ব্যাখ্যার প্রসঙ্গই ভুল। আমি পারি, সদ্যজাত ভালবাসাকে বিক্রি করতে একা থাকার লোভে।
আমি এক লোভী উপাখ্যান।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


