সকালের আলো চোখে পড়ার সাথে সাথেই তুমি ভুলে যাও তোমার স্বপ্নকে,
বিতৃষ্ণাকে।
আলোড়নগুলো ছাই হয়ে পড়ে থাকলো কোথাও- কে দেখে ফিরে!
পায়ের কাছে থেমে পড়া কোনো শুকনো পাতাকে, অতীতের আধার করে নিলে
যে কষ্ট তুমি পাও- তাতে কারোর কিছুই এসে চলে যায় না।
কেন যে হারিয়ে যায় তারা, এতো দ্রুত!
যাদের কাছে-
মুহূর্তগুলো জড়ো হয়ে থাকতো কোনো হরিণছানার মতো। আর যেখানে
গাছের পাতারা হতো সবুজ প্রজাপতি,
নীল মেঘেরা বিকেল ঘুড়ি,
বাতাসের শব্দগুলো- তফাতে তফাতে বন্দী, ঠিক যেন রূপকথার রুপোকাঠি!
সেসবের কিছুই তোমাকে এখন আর বিচলিত করে না, ভাবায় না।
তারপর, দিন পেরিয়ে গেলো অনেকটা। নিরুদ্দেশ অভাবে। এই না-হয়ে-থাকা শান্ত পৃথিবীর ভূমিতে
যখন আরো একবার তুমি একগুচ্ছ কষ্ট রেখে গেলে- হাজার হাজার কাল সেই কষ্টের কাঁটায়
মানুষ বিদ্ধ হলো।
কষ্টের প্রস্তরে হোঁচট খেলো,
কষ্টের সাগরে ডুবে গেলো,
তবুও তোমাকে মুক্তি দিতে সেই কষ্টকে ছুঁয়ে দেখলো না কখনোই।
জেনে রেখো- এই পৃথিবী তার গর্ভে
কোনোদিন ভুল করেও কোনো আনন্দের ভ্রূণ ধারণ করেনি।
তুমি বৃথাই তোমার দেহকে অশ্রুতে পরিণত করছো।
যাকে সুন্দর বলে সংজ্ঞা দিয়ে তুমি ক্লান্ত হয়ে খুঁজছো, সে কেবলই
মনে মনে। অসংজ্ঞায়িত অজ্ঞাতে। নিরাকারে।
যদি জেনে থাকো- শূন্যের পরে আরো কিছু আছে,
তাহলে সেখানেই সে ধাবমান।
ভুলে যেও, ভুল করে যা মনের কাছে জমা রেখে দিয়েছিলে।
তবু, কিছু কিছু কথা হয় কেবলই শাদা কাগজের জন্য। লেখা হয়ে যায় একান্তে। নিশ্চুপ।
পরিপাট ভাঁজে শুধু মানুষের ঠিকানা পর্যন্ত উড়ে যাবার দিশা, তারা কখনো খোঁজে না।
- পেন আর্নার
১৩/৭/১৪
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




