
খবরঃ
কলঙ্কিত এক জ্যোৎস্নার রাতে নগ্ন হাতে একটি কলমকে খুন করা হয়েছে।
বিদ্ধস্ত টুকরো পাতায় বেঘোরে ছিটকে ছিটিয়ে পড়া তার কিছু শেষ...
বিস্তারিতঃ
জ্যোৎস্না রাত, একটি... প্রশ্রয়ের রাত। শোনা যায়,
এ রাতে বহু বেনামী চিঠি লেখা হয় অ-জ্ঞাত ঠিকানায়।
জ্ঞাত ঠিকানা ছেড়ে
কোথায়, কেউবা নিজেই অ-জ্ঞাত হয়ে চলে যায়।
প্রশ্রয় পেয়ে, বহু রহস্যের বন্ধ জানলায়
আশ্রয় খোঁজে
বিষণ্ণ আর জীবিতপ্রায় আত্মারাও।
ভুল অঙ্কে ভুল করে
কেউবা বসিয়ে দেয়
এক আর একের ভাগফল।
ফলাফল
শুনে হাসে
উন্মাদনায় মাতে
বেউরির বন।
নাম না জানা, মন-
আত্মপরিচয় গোপনকারী,
এক কবি গাঁজাখুরি
কলঙ্কিত এক জ্যোৎস্নার রাতে নগ্ন হাতে একটি কলমকে খুন করেছে।
বিদ্ধস্ত টুকরো পাতায় বেঘোরে ছিটকে ছিটিয়ে পড়া তার কিছু শেষ কথা—
আপনারা শুধু ওটুকুই পড়তে পারবেন।
অজানা কথা অজানাই থেকে যাবে
চিরকালের মতো।
লিখতে লিখতে কালি ঝরিয়ে
নিঃশেষ করে
খুব যত্নে;
খুব যত্নে
খুন করে গেছে কবি,
খুন করে গেছে তার সচেতন প্রতিচ্ছবি।
*[ছবি কৃতজ্ঞতা- গুগোল]
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




