আমাকে মেরে ফেলা হলো। মানুষের পর এবার আমার নতুন জন্ম হলো 'লাশ' হিসেবে।
রুপা কথা বলে...
১২ই সেপ্টেম্বর, হ্যাঁ, মৃত্যুর পর আমি নিজেও খুঁজেছি আমার মৃত্যুর সঠিক ক্ষণ-দিন-তারিখ। কারণ অনেক কিছু ঘটে যায় সেই একটা দিনে। দিনের শুরু থেকেই কিংবা তারও শুরুর শুরু থেকে আরম্ভ হয়ে যায় আমার মৃত্যুর আয়োজন— পৃথিবী আমার ঘুণাক্ষরেও টের পায় না, কেবল কতকগুলো আভাস আর কেমন কেমন সন্দেহের দ্বাররক্ষীরা ছাড়া।
আমরা যে মরে যাবো এটা আমরা জানি। যে-কোনো সময় মরে যাবো এও জানি। কিন্তু মৃত্যুর ওপর দমকা হাওয়া বুলিয়ে জীবনকে আরেকটু যাপন করে নেওয়ার তৃষ্ণা আমাদেরকে অদ্ভুত এক উদাসীনতায় ঘরবন্দী করে নেয়— আমরা জেনেও অনেক কিছু না জেনে থাকার ভানে নিশ্চিন্ত থাকি!
আমিও অমনই নিশ্চিন্ত ছিলাম। হয়তো বিধাতাকে বরাবরই এটা বলছিলাম, ‘তুমি তো এখনই আমাকে মৃত্যু দিচ্ছো না, তাই না? তাই কি? প্লিজ দিও না! আমার কিছু কাজ আছে! হাহাহা, কী রসিকতা!’
নিজেই হেসেছিলাম নিজের বক্তব্যে। কিন্তু বিধাতাও যে হেসেছিলেন, সেটা আমি দেখতে পাইনি। আন্দাজেই থেকে থেকে আমার আন্দাজের বাইরে চলে যাচ্ছিলো তাঁর সেই প্রজ্ঞাপ্রবন হাসি!
আজ, এখন এতো রাগ এতো অভিমান এতো ঘৃণা আমার কাজ করছে নিজের ওপর যে, মনে হচ্ছে সেটা দেখেও তিনি হাসছেন আর বলছেন- ‘আমি বরাবরই তোমার ওপর।’
কিন্তু বিধাতা, কেন, যখন মৃত্যুই দেবে তখন এভাবে কেন? কেন এভাবে কেন কেন? কাঁদতে কাঁদতে আমি আমার লাশের সামনে এসে যাই, যাকে এখন দেখলে আমি আর চিনতে পারি না! ভেতরটাকে ছারখার করে দিচ্ছে আমার আমারই এই অজ্ঞতা!
জীবিত মানুষগুলোও শুনেছি চেনেনি আমায়, বা হয়তো, চিনতে চিনতে রসিকতায় মেতেছে, যেমনটা কখনো আমিও মাততাম! আমার লাশের মুখ নিচু হয়ে আসে আমার কল্পনায়। আমার খুব করুণ লাগে তার জন্য। আমার খুব খারাপ লাগে। হঠাৎ মনে হয়, বিধাতা হাসি থামালেন। এবং বললেন...
শুনে আমি স্তম্ভিত হতে পারি না। কারণ সবটাই আমার জানা। আমি সবকিছুরই সাক্ষী এই প্রকৃতির মতো। তবে একথাও সত্য যে ঐ লাশে আমি তেমন কোনো সাক্ষ্য ছেড়ে আসিনি। যদি চাইতাম, যদি গুছিয়ে গুছিয়ে ভেবেচিন্তে দিনক্ষণ ঠিক করে আমার মৃত্যু হতো, তবে হয়তো কিছু সাক্ষ্য রেখে আসতে পারতাম। পারতাম!
আমার বড্ড গরম লাগে। আমার বড্ড ঠাণ্ডাও লাগে। একা লাগে করুণ লাগে! প্রচণ্ড জোরে পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে থেঁতলে দিতে ইচ্ছা করে। মাথা, মাথা থেঁতলে দিতে ইচ্ছা করে! মুখগুলোকে কেটে ফেলতে ইচ্ছ করে! জানিনা, জানিনা কার! আমি কাঁদতে থাকি আমার লাশের পাশে। আমি কাঁদতে থাকি আমার পাশে
বিধাতা আমার চোখ মুছে দেন এবং বলেন...
.................................................
" be patient; wait
That the word mature
This body and, as a fruit
To pass the wind that deserve it ".
~Eugénio De Andrade
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



