বলা হয় না, না বলা কথা
যদিও বারবার বরাবর বলে দিতে চেয়েছিলাম।
দাড়ি,কমা,সেমিকোলন কিছুই বাদ যাবেনা,
ভেবেছিলাম সব বলে দিব!
পাশের বাড়ীর ডাগর রূপালী গোপনে
কার জন্য রুমালে ফুল তোলে,
সে কথা না হয় গোপন ভালবাসা হয়ে রবে বাবার ভয়ে।
কিন্তু শয়তান বুড় সুযোগ পেলেই অন্ধের মত গা হাতরায়
সে কথা আমাকে বলতেই হবে অকপটে,
সবার সামনে প্রতিবাদী গলায় তেজ তুলে।
হারুন কাকু গতবার বলেছিল এবার নির্বাচনে জিতলে
বাঁশের সাঁকোর বদলে ব্রিজ করে দিবে,
এবার আবার নাকি ভোট হবে,
পোস্টারে কাকুর নাদুসনুদুস ছবি ছেপেছে।
ভাবছি এবার ভোট চাইতে আসলেই
সাঁকো থেকে বাশ এনে বরাবর দিয়ে দেব।
গতকালের লোকাল পত্রিকায় শহুরে হোটেল থেকে
আটককৃত ফুটফুটে এক গণিকার ছবি এসেছে,
সাংবাদিক কাছে যেতেই এক টানা স্বরে বলে দিয়েছে
পত্রিকার কাটতি বাড়াতে চাস? আমি গণিকা হয়ে জন্মাই নাই
হতে চেয়েছিলাম কারো কাঙ্ক্ষিত রমণী,
খুব ভালবাসার প্রেমিকা, সে স্বপ্ন চুরি করেছে তোদের ভণ্ডামি।
সব বলে দেব শালা কিছুই রাখব না গোপন,
সরকারি টেবিলের নীচে ঘুন পোকার সাথে
গরীবের রক্ত চুষে নেয়া টাকাই তোদের আপন।
রাজপথে জনগনের অধিকার,অধিকার বলে চিল্লাস যখন
শুনে রাখ ভন্ডের দল আমার পা কামড়ায় তখন,
চটি জোড়ায় গবর মাখিয়ে পালটে দিতে ইচ্ছে করে তোদের বদন।
আজ সব বলে দেব শালা কিছুই রাখব না গোপন।
তানজির খান
কবি,ব্লগার ও নাগরিক সাংবাদিক
ইমেইলঃ [email protected]
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





