
শুধু বলেছিলাম আজ বসন্ত,
বলা হয়নি আমার কেনা
হলুদ সস্তা শাড়িতে আর রঙিন ফুলের
খোপায় কতটা সুন্দর লাগতে পারতো!
মরুময় দৃষ্টিতে সবকিছু থমকে গিয়েছিলো।
এই রুগ্ন অর্থনীতিতে ক্ষুধা,তৃষ্ণায় প্রেম আসেনা
আসে স্থবিরতা আর নিস্তব্ধতা।
বলা হয়নি এই হাতের আঙুলের বাঁধনে
হৃদয় আটকালে
তা হতো পৃথিবীর সবচেয়ে শক্ত বাঁধন।
ক্ষমা নয় তোমাকে দিতে চেয়েছিলাম
এই পৃথিবীর সর্ব উৎকৃষ্ট ভালবাসা
অথচ ক্ষমাই চেয়েছিলে বসন্তের প্রথম প্রহরে।
তোমার হৃদয়ের পরিচিত, অপরিচিত সব
গলিতে ফাল্গুনের ফুল ফুটাতে চেয়েছিলাম,
তুমি চেয়েছিলে ক্ষমা;
মুখ ফুটে বলতে গিয়েও বলা হয়নি তোমার জন্য
হৃদয়ে ভালবাসার আটলান্টিক আছে জমা।
বসন্তের সব ফুল ছুঁয়ে শুদ্ধতা নিয়ে এসেছিলাম,
শপথ নিয়েছিলাম বকুলের,
শপথ নিয়েছিলাম গোলাপের,
শপথ নিয়েছিলাম আমার সব কবিতার
তুমি তার কিছুই দেখতে পাওনি, প্রিয়তমা।
তানজির খান
কবি ও নাগরিক সাংবাদিক
[email protected]
ছবিঃ একুয়া রেজিয়া আপু ( অনুমতি সাপেক্ষে প্রকাশিত)।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


