
ধীরে ধীরে এগিয়ে চলছে পদ্মাসেতুর নির্মাণ কাজ। প্রমত্তা পদ্মার তীব্র স্রোতের সাথে লড়াই করে মাথা উঁচু করে দাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতুর এক একটি পিলার। এই পিলারগুলোর উপর ভর করে একসময় দাড়িয়ে যাবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতু। পদ্মাসেতু শুধু একটি সেতু নয় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের একটি আবেগ অনুভুতির নাম।
পিনাক-৬ নামক লঞ্চ ডুবির কথা আমরা অনেকেই ভুলে গেছি, কিন্তু এ এলাকার মানুষ কখনোই ভুলবে না সেই ভয়াবহ লঞ্চ ডুবির কথা।এখনও লঞ্চ পারাপারের সময় অনেকেই পিনাক-৬ এর কথা স্বরণ করেন।দিনটি ছিল ২০১৪ সালের ৪ঠা আগষ্ট সেদিন ঈদের ছুটি কাটিয়ে শিকদার মেডিকেলের ছাত্রী নুসরাত জাহান হীরা ঢাকায় ফিরছিলেন। তার সেলফির সাথে ফেসবুক স্টাটাস ছিল 'গুড বাই শিবচর'। হীরা সেদিন শুধু শিবচরকেই গুডবাই জানায়নি, গুডবাই জানিয়েছিলেন এই পৃথিবীটাকেই।সেদিন মাত্র কয়েক মিনিটের মধ্যেই পদ্মার তীব্র স্রোতে ভেসে গিয়েছিল অধিকাংশ মানুষ। এভাবে কত প্রান যে ঝরে গেছে এই পদ্মার বুকে তাদের খবর কয়জনই বা রাখে?
কত জটিলতা সংশয় সন্দেহের পর পদ্মার বুকে মাথা তুলতে শুরু করেছে পদ্মা সেতু। পাশাপাশি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলছে এশিয়ান হাইওয়ের কাজ। দুই দিকের রাস্তা প্রশস্তকরন, ছোট বড় অনেকগুলি সেতু ও ফ্লাইওভারের নির্মাণকাজ দেখে সত্যি মনটা ভরে যায়। আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে ঢাকা মাত্র ৪৫ মিনিটে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙ্গায়!
এই সেতুর উপর দিয়ে একদিন দ্রুত গতির বাস চলবে, ট্রেন চলবে সেইদিনটির প্রত্যশায় এই জনপদের প্রতিটি মানুষ।


সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




