একটা বৃক্ষের অস্তিত্বই কেবল টের পেয়েছি হৃদয়ে।
বাগানে ক’টা গোলাপ ফুটেছে হিসেব রাখিনি,
শুধু তামাকসেবীর মত ফুসফুস ভরে সুবাসটুকু নিয়েছি।
চাঁদের আলোয় আঙিনা কতটুকু আলোকিত হয়েছে দেখিনি,
আলোটাই গায়ে মেখেছি বার বার।
আমার কুটির হতে রাজপ্রাসাদের দূরত্ব না মেপে
ক্ষ্যাপা বাউলের মত হেঁটে চলেছি একাকী, অবিরাম।
আমি জানতে চাইনি তুমি অথবা আমি কে।
শুধু ধরে নিয়েছি, আমরা কেউই আসলে কেউ না।
আমি কিছুই জানতে চাইনি কখনো;
আমি কিছুই জানি না বলে আক্ষেপ করিনি কখনো।
আমি তোমার হাসির অন্য অর্থ খুঁজিনি,
উল্টে-পাল্টে দেখিনি একটা বাক্যের কত মানে দাঁড়ায়;
দেখার চেষ্টা করিনি, একটা চিহ্নও পাল্টে দেয় মানেটা।
ঘৃণা নয়, ক্ষোভ নয়, ভালোবাসা নয়,
তোমার একটি কবিতারও অন্য অর্থ খুঁজতে যাই নি।
একটা ধূলো মাখা পথ ধরে একাকী হেঁটে গেছি অবিরাম,
গন্তব্যের খোঁজ রাখিনি।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




