রাফখাতার যে লেখাগুলোকে এতোদিন ধরে
দ্বিধাহীন চিত্তে কবিতা নাম দিয়ে এসেছি,
সেগুলো আজ হঠাত আমাকে মুখ ভেংচে দিয়ে
কেমন যেন বোকা বোকা অকবিতা হয়ে গেল।
আমার যে আঙুল পৃথিবীর পথ মনে করে
ছুঁয়েছে তোমার প্রতিটি হস্তরেখা,
যে আঙ্গুলগুলো কলম ধরে ধরে লিখে গেছে
অন্ধকার আর নির্জনতা বিষয়ক উপেক্ষিত পংক্তিমালা,
সেই নির্বোধ আঙুলগুলোর শপথ করে বলছি-
তুমি ভিন্ন আর কোন সুন্দর কবিতা নেই।
তোমার সমুদ্রগভীর চোখে ডুব দিয়ে
মুক্তো খুঁজে চলা আমার দুটি ডুবুরি চোখের কসম,
ডায়েরীর প্রতি পৃষ্ঠায় কবিতা দেখতে পাওয়া অন্ধ চোখের কসম-
তোমা ভিন্ন আর কোন সুন্দর কবিতা দেখিনা।
তোমাকে পাওয়ার পর, প্রিয়তম
কোন সুখপাঠ্য কাব্যগ্রন্থ ঘেঁটেও একটি কবিতা পেলাম না।
প্রিয়তম, তোমার ওষ্ঠে সুষমা ছড়ানো
আমার দুটি ওষ্ঠের শপথ করে বলছি-
আজ থেকে রাত্রির কোল জুড়ে
আর কোন কাব্যশিশু ভূমিষ্ঠ হবে না,
রাফখাতায় একের পর এক অকবিতা জমা হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




