ফরমালিনের ‘অপব্যবহার’ বন্ধে এসিড নিয়ন্ত্রণ আইনের মতো কঠোর বিধি প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাজধানীর শন্তিনগর বাজারকে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে আজাদ বলেন, এসিড সন্ত্রাস রোধে যেমন আইন আছে, তেমন আইন করে ফরমালিনের অপব্যবহার বন্ধের ব্যবস্থা করা প্রয়োজন।
যারা মাছ, ফল বা শাকসব্জিতে ফরমালিন মিশিয়ে বিক্রি করে- বিশেষ আদালতে তাদের বিচার করে কঠোর শস্তি দেয়ারও দাবি জানান তিনি।
বাণিজ্য মন্ত্রী জি এম কাদের অনুষ্ঠানে জানান, সরকার ইতোমধ্যে ফরমালিন আমদানি ও মজুদের তথ্য চাওয়ার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বিষয়টি আইনের আওতায় আনা যায় কি-না, তাও ভেবে দেখা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এফবিসিসিআইয়ের উদ্যোগে শান্তিনগর বাজারে ফরমালিন শনাক্ত করার বিশেষ ‘কিট’ দেয়া হয়েছে, যা দিয়ে তিন জন প্রশিক্ষিত কর্মী প্রতিদিন এ বাজারে আসা বিভিন্ন পণ্য পরীক্ষা করে দেখবেন। কোনো পণ্যে ফরমালিন পাওয়া গেলে তা বাজারে প্রবেশ করতে দেয়া হবে না।
এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর মালিবাগ বাজারকেও ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করা হয়। এছাড়া চট্টগ্রামে ‘ফরমালিনমুক্ত’ ঘোষণা করা হয়েছে তিনটি বাজারকে।
শান্তিনগর এলাকার সাংসদ রাশেদ খান মেনন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



