
আমি কবি নই, লেখকও নই - আমি একজন ব্যবসায়ী মানুষ। সততার সাথে এক সময়ে চাকরি করেছি, সততার সাথে ব্যবসা করছি - জীবনে হাড্ডাহাড্ডি প্রচুর পরিশ্রম করেছি আজো প্রচুর পরিশ্রম করে যাচ্ছি। দিন শেষে যখন সামান্য আলুভাজি ও পটল ভাজি আর ডাল দিয়ে সাদা ভাত খাই তাই আমার কাছে অমৃত মনে হয় - এটি আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ট খাবার। আমি নিজের গল্প করতে পছন্দ করি - আর পছন্দ করার কারণও আছে আমার জীবনটাই গল্পময়। অনেক গল্প করার আছে, অবস্যই সময়ে সে সব গল্প আমি ব্লগে লিখবো।
যাইহোক, আজকের পোস্ট আমার নিজেকে নিয়ে নয়। অন্য একজন। ২০১৯ সন, রাতভর আমার জেগে থাকতে হয়। জীবন ও জীবিকার প্রয়োজনে কাজ করতে হয়। কম্পিউটারে কাজ করি। উইন্ডোজে আলাদা একটি পেজ খোলা থাকে - পেজটি আমাদের সকলের প্রিয় সামহোয়্যারইন ব্লগ। ভোর ছয়টা - সাতটার দিকে দিকে সামান্য নাস্তা করে ঘুমোতে যাই, বেলা এগারো - বারোটার দিকে ঘুম থেকে উঠে তৈরি হয়ে অফিসে চলে যাই। প্রতিদিন ভোরে ঘুমোতে যাওয়ার আগে ব্লগে সুন্দর একটি কবিতা পড়ি, একজন নবীন ব্লগার ছড়া ও কবিতা লিখেন। পড়তে খুবই ভালো লাগে। আমাদের সময়ে প্রাথমিক বিদ্যালয়ে চয়নিকা নামের একটি বই ছিলো তাতে এমন মজার মজার ছড়া কবিতা ছিলো। ছড়া ও কবিতার লেখক ও কবিকে মন্তব্য করি তিনি খুব আগ্রহ করে উত্তর দেন, সম্ভবত তিনি তখনো নিরাপদ ব্লগার ছিলেন না, এক সময়ে নিরাপদ ব্লগার হলেন। তিনি প্রতিদিন নিয়ম করে ভোরে একটি কবিতা পোস্ট করেন আর আমি প্রতিদিন ভোরে কবিতা পড়ে ঘুমোতে যাই। খুব আগ্রহ করে অত্যন্ত সম্মান ও গর্ব করে আমি তাকে একটি নাম উপাধি দিলাম “ভোরের পাখি” ব্লগের সবাইকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সেই ছাড়াকার ও মজার মজার কবিতা লেখক “ভোরের পাখি” আমাদের ব্লগের ব্লগার ইসিয়াক ভাই। ব্লগার ইসিয়াক ভাইকে আজকে একটি বিষয় বলতে চাই “ইসিয়াক ভাই আপনি শিশুতোষ ছড়া কবিতা ভালো লিখতে পারেন - এটি কখনো হাত ছাড়া করবেন না। এটি সৃষ্টিকর্তার উপহার”।
ব্লগার ইসিয়াক ভাই থেমে থাকেন নি, তিনি দেখতে দেখতে ৫০০ পোস্ট দিয়েছেন। আজ ব্লগার ইসিয়াক ভাইয়ের ৫০০তম পোস্ট হয়েছে - কম কথা নয়। এটি আমাদের পাওয়া, আমাদের সামহোয়্যারইন ব্লগের পাওয়া। একদিন ভোরে ব্লগার ইসিয়াক ভাইয়ের কবিতার পোস্টে কথার প্রসঙ্গে মন্তব্য লিখে দিলাম “যেদিন কবিতার জাদুকর সেলিম আনোয়ার ভাই আপনার কবিতার প্রশংসা করবেন ধরে নিবেন আপনার কবিতা লেখা হচ্ছে” ইসিয়াক ভাই চেষ্টা চালিয়ে গেলেন এবং সেলিম আনোয়ার ভাইয়ের নিয়মিত প্রশংসা নিয়ে চলেছেন। আমি মনে করি ব্লগার ইসিয়াক ভাইয়ের এটি অনেক বড় প্রাপ্তি।
আমি সামহোয়্যারইন ব্লগের অতি নগন্য একজন ব্লগার। আমি সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ নই, বিচারক টিমের সদস্যও নই। তারপরও ব্লগকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে বলছি - ব্লগে আমাদের প্রচুর ব্লগার প্রয়োজন যারা ছড়া লিখবেন, কবিতা লিখবেন, গল্প প্রবন্ধ সহ দেশের সম সমসাময়িক সমস্যা ও বিষয় নিয়ে লিখবেন। ডঃ এম এ আলী ভাইয়ের মতো প্রবন্ধ লিখবেন - যে লেখা পড়ে আমরা উপলব্ধি করতে পারবো দেশের প্রতি আমাদের ভালোবাসার প্রয়োজন আছে। আহমেদ জী এস ভাইয়ের মতো অজানা তথ্য লিখবেন - পড়ে মনে হবে ‘আরে এটাতো জানা ছিলো না, কি অদ্ভুৎ পাথর নাকি দৌড়ায় - জ্বীনের কাজকারবার নাকি? খায়রুল আহসান ভাইয়ের মতো সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী লিখবেন (আমি কখনো কাশ্মীর যাইনি, কিন্তু ব্লগার খায়রুল আহসান ভাইয়ের লেখার কারণে কিছুটা হলেও ক্শ্মীর দেখা হয়েছে) চাঁদগাজী ভাইয়ের মতো গরম গরম রাজনৈতিক দেন দরবার লিখবেন - ব্লগ গরম করে দিবেন, হাত দিলে গরমে হাতে ফোসকা পরে যাবে এমন!
ব্লগার ইসিয়াক ভাইকে ৫০০তম পোস্টের জন্য শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা। আপনি আমাদের আরো অনেক অনেক ছড়া ও কবিতা উপহার দেবেন এই আশা ব্যক্ত করে আজকের লেখা এখানেই শেষ করছি। ব্লগের সকল ব্লগারদের অসংখ্য ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
উৎসর্গ: ৫০০তম পোষ্টের ব্লগার ইসিয়াক ভাই।
ছবি: ভোরের পাখি
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


