
কিছু কথা:
প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রচুর বই প্রকাশিত হয়।
অমর একুশে গ্রন্থমেলায় ( ২০১৪)-এর পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বিষয়ে নতুন বইয়ের সংখ্যা ৩১৩৩টি। ২০১৪এর মেলায় মোট বিক্রির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। বইগুলির মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সবচেয়ে বেশী আর বিক্রির সংখ্যা সবচেয়ে কম। বিক্রিতে উপন্যাস শীর্ষে। কবিতার বই সবচেয়ে বেশী প্রকাশিত হয়, কিন্তু বিক্রি হয় সবচেয়ে কম, এর কারণ কী। আসলে কবিতার পাঠক নেই।অনেক প্রকাশক বলে থাকেন সৈয়দ শামসুল হকের বইও মেলাতে ১৫০ কপি চলে না। তাহলে কবিতার পাঠক কোথায়? বাংলাদেশের পাঠক কী হারিয়ে যাচ্ছে? নতুন অনেকেই লিখছেন। বইও প্রকাশ করছেন। প্রকাশনা সংস্থা একটা নির্দিষ্ট মান বজায় রেখে প্রকাশ করছেন, অথবা মান বজায় রাখছেন না। বই প্রকাশিত হয়ে যাচ্ছে। বর্তমানে প্রযুক্তির যুগে পাণ্ডুলিপি থাকলে চার দিনের মধ্যে বই প্রকাশ হয়ে যাচ্ছে। কে দেখছে প্রুফ আর কে দেখছে মান? প্রকাশকেরা সারা বছর পাণ্ডুলিপি জমিয়ে রাখেন, মেলায় প্রকাশ করবেন। এক সিজনে যা কামাবেন তা দিয়ে সারা বছর চলতে হবে। শেষ মুহূর্তে লেগে যাচ্ছে তাড়াহুড়া, মেলা চলে এসেছে বই বের করতে হবে। তাড়াহুড়ায় মানহীন বই প্রকাশিত হয়ে যাচ্ছে। বই প্রকাশ শুধু মাত্র মেলা ভিত্তিক বানিয়ে ফেলার কারণে দেশের সার্বিক, সাহিত্য চর্চার মান ও প্রকাশনার মান নিম্নগামী হচ্ছে। লেখকেরাও মনে করেন বই বুঝি মেলাতে প্রকাশ করলেই পাঠক খাবে বেশী। বই কী খাওয়ার জিনিস?
মেলার সময়ে পত্রিকাগুলো বইয়ের বিজ্ঞাপনে ৫০% ছাড় দেয়, যা বছরের অন্যান্য সময়ে দেয় না। তাহলে অন্য সময়ে বই প্রকাশ করে প্রচার কীভাবে করবেন? তাহলে দেখা যাচ্ছে প্রতিকূলতা আরো অন্যান্য জায়গায়ও আছে। সাহিত্য সাময়িকীগুলোও সারা বছর বইয়ের রিভউ গুরুত্ত্ব দিয়ে না করলেও মেলার সময় তা করে।
সার্বিকভাবে ভালো মানের লেখকের যেমন অভাব আছে, ভালোমানের প্রকাশকেরও অভাব আছে। সারা বছর বই প্রকাশ হতে হবে। সারা বছর চর্চা হতে হবে। সারা বছর বইয়ের বিজ্ঞাপনে ছাড় থাকতে হবে। বিশেষ পাতাগুলোতে বিশেষ রেটে, প্রয়োজনে ৭৫%-৮০% ছাড় থাকতে হবে। লেখকদেরকে যেমন ভূমিকা রাখতে হবে ভালো লেখায়, পাঠক সৃষ্টিতে। প্রকাশকদেরও ভূমিকা রাখতে হবে বইয়ের মানোন্নয়নে। সারা বছর বই যেন প্রকাশিত হয়। একটা প্রবাদে আছে, ‘মাছের চাষ, বারো মাস।’ সেই কথা সাথে কথা মিলিয়ে বলতে হয়, ‘বই প্রকাশ, বারো মাস’। সারা বছর মাছ চাষ না করলে মাছের ফলন যেমন ভালো হয় না। সারা বছর বই প্রকাশ না করলে, সাহিত্য ও প্রকাশনা শিল্পের উন্নয়ন সম্ভব না।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



