
স্বাধীনতা তুমি
নির্মলেন্দু গুনের স্বঘোষিত স্বাধীনতা পদক।
স্বাধীনতা তুমি
ফেসবুকে আন্দোলন তোলা যুবকের রেশমী চুল।
স্বাধীনতা তুমি
হ্যাশট্যাগের ঝড় তোলা প্রতিবাদী জনতার গর্জন।
স্বাধীনতা তুমি
শিশু হত্যাকারী পিশাচের জল্লাদখানা।
স্বাধীনতা তুমি
লোভের ধ্বংসে চাপা পড়া মৃতদেহের গন্ধ।
স্বাধীনতা তুমি
ভাল-মন্দের ফারাক বুঝে না উঠা-
নিষ্পাপ শিশু।
স্বাধীনতা তুমি
রাতের বেলায় বিপদসঙ্কুল সরু গলি।
স্বাধীনতা তুমি
ধর্ষিতা নারীর রক্ত মাখানো-
কামিজের দাম বিশ হাজার টাকা।
স্বাধীনতা তুমি
কবি নজরুলের-
ভুলে যাওয়া আগুন ঝরা কাব্যের গান।
স্বাধীনতা তুমি
লিঙ্কনের বৃষ্টি ভেজা রাত।
স্বাধীনতা তুমি
বেকার যুবকের মানিব্যাগের হাহাকার।
স্বাধীনতা তুমি
জিপিএ পাঁচ পাওয়ার প্রতিনিয়ত আনন্দ।
স্বাধীনতা তুমি
চায়ের কাপে ক্রিকেটের ছক্কা হাঁকানো-
ছিটকে উঠা বুনো উল্লাস।
স্বাধীনতা তুমি
ভুলে যাওয়া শামসুর রাহমানের-
সত্য রূপের স্বাধীনতা।
স্বাধীনতা তুমি
ভোরের শিশির, সন্ধ্যার তারা
মুক্তির মিছিলে যোগদান করা
মুক্তিকামী সেসব তরুণ-
ফিরবে না আর ঘরে যারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

