
টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সীমানা জ্ঞান করেই, লক্ষ লক্ষ শহিদের আত্মদান, অনেক মা বোনের সম্ভ্রমের মুল্যে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। কিন্ত স্বাধীনতার অনেক বছর পর, সেই উপলব্ধি যেন ফিকে হতে চলেছে।
গতকাল বি বি সির খবরে, সিলেটের মেয়র কামরান সাহেবের বক্তব্য শুনে খানিকটা ধাক্কা লাগলো। বিপরীত মেরুর রাজনীতিবিদ সদ্য প্রয়াত সাইফুর রহমানের প্রশংসা করার সময়, শুধু সিলেটের কৃতি সন্তান হিসেবেই তাকে তুলে ধরলেন। কিন্ত সাইফুর রহমান তো সিলেটি বলে নয়, বরং তার শিক্ষা দীক্ষা এবং অভিজ্ঞতার যোগ্যতার বলেই সমগ্র বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং অর্থমন্ত্রি ছিলেন। আঞ্চলিকতাদুস্ট এমন মন্তব্য আহত হবার মতই।
এধরণের আঞ্চলিকতাদুস্ট কার্যকলাপের সৃস্টি অবশ্য প্রবাসে। একই জেলার কয়েকজন মিলে প্রবাসে গঠন করা হয় সামাজিক সমিতি। নানা অনুষ্ঠানের আয়োজনে নিমন্ত্রিতরা সবাই ঐ জেলার সাথে সংক্লিষ্টরাই থাকেন। কিন্ত চিরচারিত চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ি, নেতৃত্বের দ্বন্দ থেকেই আবার জন্ম নেয় ওই জেলারই আলাদা আলাদা এলাকাভিত্তিক নতুন নতুন সমিতি সমিতি। আর এইভাবে ভাঙ্গতে ভাঙ্গতে অচিরেই দেখবো গ্রামভিত্তিক সমিতি তৈরি হয়েছে।
প্রবাসের ঢেউ দেশে এসে লাগে সম্ভবত এরশাদের আমলের প্রায় শেষের দিকে। স্বামীর চারিত্রিক দুর্বলতাকে ব্লাকমেইল করে, তার প্রথম স্ত্রী রওশন এরশাদ জড়িয়ে পড়েন নানা রকম দুর্নীতির সাথে। আর সেই লুটের বখরার ভাগ নিতে বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতি নামে একটি ভুঁইফোড় সমিতি প্রতিষ্ঠা করা হয়, নিউ ইস্কাটানের টি এম সি বিল্ডিং এ। তাদের কাজটা কি ছিল, সেটা না জানা গেলেও, প্রায়ই সেখানে মিটিং ফিটিং খানাপিনা চলতো। আর আঞ্চলিকতার দোহাই দিয়ে সরকারের কাছ থেকে নানা রকম বৈধ অবৈধ সুযোগ আদায় করা হতো।
সমিতি ছাড়াই অবশ্য এই আঞ্চলিকতাদুস্ট প্রবনতা অনেক আগে থেকেই চলে আসছে। বন্ধ হয়ে যাওয়া আদমজি জুট মিলের কথা মনে আছে? এক সময় এই মিলের শ্রমিক সংগঠনই সারা দেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালি ছিল। সেখানকার সিবিএ এর প্রতিদ্বন্দি দুই নেতাই ছিলেন নোয়াখালি অঞ্চলের। তাই সেখানে নোয়াখালির লোকদের আলাদা একটা মর্যাদা ছিল। একই কারণে বিভিন্ন ব্যাংক বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে, চাকুরিরত বেশিরভাগই ছিলেন নোয়াখালির।
স্বাধীনতার পর আঃ লিগ স্বজন প্রীতির রেকর্ড গড়লেও, সেখানে অন্তত আঞ্চলিকতাকে প্রধান্য দেয়া হয়নি। কিন্তু ১৯৯৬ সালে ক্ষমতায় আসবার পর বৃহত্তর ফরিদপুর ভিত্তিক আঞ্চলিকতা রীতিমত রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। এজন্য প্রশাসনসহ সর্বত্র তাদের বিরুদ্ধে "গোপালিকরণের" অভিযোগ উঠে।
আঞ্চলিকতাদুস্টতায় অবশ্য বি এন পি খুব বেশি পিছিয়ে নেই। তাদের দলের গুরুত্বপুর্ণ পদে অধিস্টিতরা, বৃত্ততর নোয়াখালির বলে, বি এন পিকে নোয়াখালি ক্লাব বলেও দিব্যি চালিয়ে দেয়া যায়।
(এ দিক দিয়ে অবশ্য বামপন্থি দলগুলি এ দোষ থেকে মুক্ত।)
অনেক সিলেটিকে প্রবাসে নিজেদের বাংলাদেশি পরিচয় ধরার পরিবর্তে সিলেটি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দবোধ করতে দেখেছি। এর কারণ জিজ্ঞেস করাতে অনেকেই বলেছেন যে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তারা অন্যান্য সব অঞ্চল থেকে অর্থনৈতিকভাবে যেমন স্বনির্ভর, তেমনি ভাষা-আচার আর সাংস্কৃতিক দিক দিয়েও স্বতন্ত্র। আমার ঘনিস্টদের অনেকেই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে তো স্বতন্ত্র কিছু দেখিনি। হ্যা, ভাষাটি কিঞ্চিত আলাদা, কিন্ত সেটাও বাংলা এবং খুব দুর্বোধ্য নয়। ঐ হিসেব করলে তো বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই এ ধরণের স্বতন্ত্র বৈশিস্ট চোখে পড়ার মত।
এ ধরণের উগ্র আঞ্চলিকতাবাদ প্রসুত অহমিকা আমি চট্টগ্রাম অঞ্চলের অনেক মানুষদের মধ্যেও দেখেছি।
কবি সাহিত্যিকদের মধ্যে এক মাত্র হুমায়ুন আহমেদকেই দেখেছি, তার নিজ জেলা ময়মনসিংহের আঞ্চলিক ভাষাটি সর্বত্র ব্যাবহার করতে। বিশেষ করে তার লেখা নাটকগুলিতে অন্তত একজনের মুখে তিনি অবশ্যই ওই অঞ্চলের ভাষাটি উচ্চারন করাবেনই। দেশ বরেণ্য এই লেখকের কাছ থেকে এমন ক্ষুদ্রতা আশা করিনি।
ব্লগেও দেখছি, আঞ্চলিক পক্ষপাতমুলক আহবান। যেমন অমুক জেলার ব্লগার থাকলে আওয়াজ দিন, অথবা তমুক জেলায় বসবাসরত ব্লগারদের নিয়ে আলাদা গ্রুপ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে নিকটার মধ্যেও তার জেলার নামটি দিব্যি যোগ করে দিয়েছেন। আবার অনেকে শুধুমাত্র তার জেলার খবর নিয়ে পোস্ট দিয়ে থাকেন।
কেন ভাই? ঐ জেলায় না থাকলে, আপনাদের সাথে কি সহমত, সহমর্মিতা গড়ে উঠতে পারে না? ঐ জেলার বাসিন্দা না হলে, কারো কি অধিকার নেই আপনার পোস্ট পড়ার কিংবা মন্তব্য করার, অথবা মতামত বিনিময় করার? যদি তা না হয়, তবে কেন আঞ্চলিকতার গন্ডিতে নিজেদের বেধে রাখছেন?
সমগ্র বাংলাদেশ হিসেবে, আমাদের ইতিহাস-সংস্কৃতি-খাবারদাবার-ভাষা-বর্ণ-চারিত্রিক বৈশিস্ট্য সব তো একই। আর যে সব স্বতন্ত্র বৈশিস্ট্য রয়েছে, সে সব বরঞ্চ জাতি হিসেবে আমাদের আরো বৈচিত্রময় এবং সম্বৃদ্ধ করেছে। তাহলে কেন এই বিভক্তির বীজ বোনা?
জাতি হিসেবে আমাদের একতাবদ্ধ দেখা গিয়েছে, ৭১ এ স্বাধীনতা যুদ্ধের সময়, আশির দশকে জগন্নাথ হলের ছাদ ধসে অগণিত মানুষের আহত হবার সময়, ৮৮ এর ভয়াবহ বন্যায়, বন্যা আর নানা প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার সময়।
দুর্যোগের সময় যখন আঞ্চলিকতাদুস্টতা থেকে মুক্ত থাকা যায়, তাহলে কেন শান্তিকালিন সময়ে আমরা একতাবদ্ধ থাকতে পারবো না? এমনিতে তো আমাদের নানা জনের নানা মতের কারণে সমাজ আর রাজনীতি থেকে শুরু করে প্রশাসন, সর্বক্ষেত্রেই একটা বিভেদের ঐতিহ্য রয়েছে। এখন যদি অঞ্চলভিত্তিক বিভেদের ঐতিহ্য শুরু হয়, তাহলে সেটা কত ভয়াবহ ফলাফল নিয়ে আসবে সেটা একবার ভেবে দেখেছেন?
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




