
ঘোর বর্ষায় সারা রাত বৃস্টির ঝুম ঝুম শব্দে চোখের দুপাতা কখন যে মুজে গিয়েছিল টের পাইনি। পরদিন স্কুল বন্ধ। তাই সেই ভোর সাড়ে ছয়টার উঠার তাড়াও ছিল না। খোলা জানালা দিয়ে ঢোকা বৃস্টির হাল্কা ছাচ, হিমেল হাওয়া দিয়ে ঘরে ঢুকে, ঘুমের প্রশান্তিকে আরো বাড়িয়ে দিয়েছিল।
বেলা তখন কটা জানি না। কানের মধ্যে দিয়ে অনেকদুর থেকে ভেসে আসলো অনেক পুরানো দিনের বাংলা গান। "আকাশ প্রদীপ জ্বলে ভোরের তারার পানে চেয়ে।" বছরে ওই একবারই হাল্কা ছাই রঙ্ এর আকাশ ভেদ করা হাজারো জলের ফোটা, যেন ঐ গানের সুরের তালে তালে মর্তে এসে পড়ে। "যা রে ... যারে উড়ে চলে যা রে..." লতা, আশা, সন্ধ্যা এমন বেশ কয়জন কালজয়ি শিল্পির কালজয়ি গানের পসরা সাজিয়ে বৃস্টিভেজা দিনগুলির কথা মনে হলে, দুর্গাপুজার দিনগুলি অবশ্যই মনে পড়ে যায়।
তখন যেখানে থাকতাম, তার কয়েক মাইল পরেই পাল পাড়া। তার পাশ ঘেষে একটা নদীও ছিল। আর নদীর তীর ঘেষে একটা বাজার। ঢাকা শহরে টাটকা শাকসব্জি যদি খেতে হতো তাহলে সে বাজার ছাড়া গতি ছিল না। হ্যা, ঠিকই ধরেছেন। জায়গাটার নাম রায়ের বাজার।
কাজের লোকে ঠিক ঠাক চিনে আনতে পারবে কি পারবে না, সেজন্য ক্লাস সেভেন এইট থেকেই কাজের ছেলের সাথে আমার বাজার গমন ছিল অন্তত সপ্তাহে দুদিন। চরম মাংসপ্রেমিক বাবার সাথে মাছ আর সব্জি প্রেমিক মায়ের রান্না নিয়ে সংঘর্ষে আমার ভুমিকা ছিল মধ্যস্থতাকারির। বাবা যেতেন মাংস কিনতে আরেক বাজারে, আর আমার গন্তব্য রায়ের বাজার।
অন্যান্য বাজারে যখন ইলিশ মাছটি আস্ত ছাড়া বিক্রি হতো না ( সে সময় আস্ত ইলিশের দামটি ছিল খুব সাধারণ মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে) সে সময় রায়ের বাজারে খুব হত দরিদ্রের জন্য ইলিশের ভাগা পাওয়া যেত। তবে আমার দৃস্টি থাকতো, ইলিশের ডিমের প্রতি। সব্জি কেনাকাটার পরই, পাকা দালানের নীচ তলায় মাছের বাজারটাও ছিল। অন্যান্য বাজারের মত কাদা ছিল না, ছিল কাদাপানি। তাও সেটা স্যান্ডেলের গন্ডি পেরিয়ে গোড়ালি পর্যন্ত পৌছাতো না, যতক্ষন পর্যন্ত না স্যান্ডেলটার গোড়া বাবাজি জিব লম্বা করে পানিগুলি আমার পোষাকের গোড়ায় পৌছে না দিতেন।
আমি ঘুর ঘুর করতে থাকতাম ইলিশ মাছের দোকান গুলিতে। আগে থেকে ভাগায় লাগানো থাকলে, দর দাম করে থলেতে পুরে ফেলতাম। আর না থাকলে তক্কে তক্কে থাকতাম, কখন নতুন আরেকটা মাছ কাটা হবে। অনেক সময় আগে থেকেই দোকানিকে বলে রাখতাম, ডিমখানা আমার চাইই চাই।
হাতে যখন অঢেল সময়, তখন কিছু অকাজের কাজও সেরে ফেলতাম। যেমন কেনা কাটা সেরে বাজারের আরেক কোনায় কয়েক সারি পসারির দোকানের সামনে ঘোরাঘুরি চলতো। যখন আমি আরো অনেক ছোট তখন এই রকম দোকান থেকেই মিছরি কেনা হতো। যে কোনায় এই দোকানগুলি ছিল, সেখানে কস্মিনকালে সুর্য্যের স্পর্শ আদৌ পড়েছিল কিনা সন্দেহ। একে তো আধো অন্ধকার, সেই সাথে ধুল পড়া দোকানগুলিতে আদ্যিকালের প্রদীপ জ্বলা আলো আধারের খেলা দেখলে মনে হতো, আমি যেন সময়ের বিপরীত স্রোতে হেটে অতীতে চলে গিয়েছি। আধুনিক যুগে এ ধরণের প্রাগৈতিহাসিক চিত্র দেখেছিলাম, শুধু পুরানো ঢাকায়।
বাজার থেকে বেড়িয়ে খানিকটা উত্তর দিকে গেলেই আরেকটি বিশাল পুরানো বাড়ি। তবে সেখানে কেউ থাকতো কিনা, খোঁজ করিনি। তবে ভেতর বোধ হয় মন্দিরের চাতাল ছিল। বিশাল দরজা সারা বছরই বন্ধ থাকতো। কিন্ত কি করে যেন একবার দরজা খোলা দেখে খানিকটা দেখার সৌভাগ্য হয়েছিল। রাস্তা থেকে দরজার পর্যন্ত মাঝখানে বেশ খানিকটা ঘাসহীন লালধুলা ভরা মাঠের মত ছিল। তারই এক কোন ঘেষে বিশাল একটা কাঠের কাঠামো ছিল। প্রথমে জানতাম না ওগুলো কি। পরে জেনেছিলাম, ওগুলো রথযাত্রার কাঠামো।
আমি এই সব কেন জানি খুব উদাস হয়ে দেখতাম। যখন সম্বিত ফিরতো, তখন মনে হতো, এই যা ! টাকটা সব্জি আর মাছের ডিমগুলির তো রফা দফা। তাই হুড়াহুড়ি করে রিক্সা ডেকে, রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে সোজা বাসায়।
অবশ্য পুজা আসবার আগেই এর আগমনি টের পেতাম গন্ধে। জ্বি, গন্ধে। নতুন বইয়ের গন্ধে। আমার মা ছিলেন বই এর পোকা। পোকা মানে যে সেই পোকা নয়, একেবারে নির্ভেজাল আদি ও অকৃত্রিম। নিউমার্কেটে গেলেই বইয়ের দোকানগুলিতে ঢু মারা তার চিরচারিত স্বভাব। পুজার আগেই খোজ রাখতেন, পুজাবার্ষিকিগুলি এসেছে কিনা। প্রতি বছরই তিনি এমন অপেক্ষায় থাকতেন। কেনার তালিকায় থাকতো, আনন্দলোক, দেশ, আনন্দবাজার, আর আমার জন্য আনন্দমেলা, ফেলু মিত্তির। সেই নতুন বইয়ের সাদা ঝকঝকে পাতা থেকে যে গন্ধটা আসতো, তার আবেশেই বুঝে যেতাম, এই তো পুজা এলো বলে। অবশ্য মায়ের চোখের আড়ালে, ঝটপট করে "বড়দের" জন্য ছাপানো আনন্দলোকের ছবিগুলি দেখা কিংবা দেশ এর উপন্যাসগুলি পড়া যে হতোই, সে সমন্ধে নিঃসন্দেহ থাকতে পারেন। জানার আগ্রহটা বোধ করি শৈশব কৈশোরেই বেশি থাকে।
আমার বাসায় ধর্মের বাড়াবাড়ি না থাকলেও, পুজা দেখা টেখা নিয়ে বেশ একটা ভালো রকমের নিষেধ ছিল। সম্ভবত উওরাধিকার সুত্রে পাওয়া। কিন্তু যেখানে নিষেধের সীমানা ভাঙ্গার মধ্যে একটা অন্যরকম অনুভুতি, সেখানে এই বাধ খুব শক্ত ছিল না। সকালে বাজার করার সময় একবার আর বিকেলে ফুটবল খেলার নাম করে আরেকবার পুজা মন্ডপের আশে পাশে ঘুরাঘুরি করা হতো। ( যারা বৃস্টির মধ্যে কাদা মাঠে ফুটবল খেলেনি, তারা বুঝতেও পারবে না কি যে সেই আনন্দ।)
বিকেলে কাদামাঠ কিছুক্ষন দাপিয়ে, দল বেঁধে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে পালদের পুজা প্যান্ডেলে। অর্থনৈতিক দিক দিকে বেশ অসচ্ছল হলেও, পুজার সময় সমারোহের কোন কমতি ছিল না পালদের পুজায়।
কাদা মাখা শরীরে বাইরে থেকেই যা কিছু দেখা। সজোরে ঢাক বাজছে, সুন্দর সুন্দর নতুন পোষাকে সব বয়সি ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে, পুজা দেখছে, পুজা করছে, উলু দিচ্ছে, ধুপের ধোয়া আর গন্ধে যায়গাটা মৌ মৌ করছে, পড়ন্ত বিকেলে হ্যাজাক বাতির আলোয় চারিদিক উদ্ভাসিত, এ অন্যরকম একটা অনুভুতি। তবে এই চেয়ে থাকাটা খুব বেশিক্ষন স্থায়ি হতো না।
সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে না পারলে, সবার পিঠের উপর বাবা মায়ের হাতের ছাপ বসে যাবার সম্ভাবনা প্রবল থাকায়, আবার বাড়ি ফেরা। আমাদের কজনের এই গোপন মিশন শুধু আমরা কজনই জানতাম। এর পর বাড়ি ফিরলেই যথারীতি মায়ের অনু্যোগ আর শাসন, এই বর্ষায় বৃস্টিতে ভিজে ঠান্ডা জ্বর আসলে স্কুল কামাই হবে, পড়াশোনা গোল্লায় যাবে ইত্যাদি অনেক কথাই শুনতে হতো। কয়েকবার মারও খেতে হয়েছে।
কলেজে পড়ার সময় পাল বাড়ির একজন আমাদের খুব বন্ধু হওয়ায়, অন্য ছুতোয় ওদের পুজা আরো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। দুপুরে অনেক যত্ন করে ওর বাসায় খাওয়ানোও হয়েছিল। তবে উঠতি বয়সি ছেলে ছোকরাদের পুজা প্যান্ডেলে কুকীর্তি এবং এর বিপরীতে হিন্দু নারী পুরুষদের অসহায়ত্ব নিজ চোখে দেখার পর, আর কোনদিন ওমুখো হবার মত নৈতিক মনবৃত্তি হয়নি। সেদিন নিজেকে প্রচন্ড কাপুরুষ মনে হয়েছিল। হয়তো সেটা ঢাকতেই, সেই বিড়ম্বনাটুকু এড়িয়ে পুজা থেকে নিভৃত নির্বাসনে চলে গিয়েছিলাম।
সেই নতুন কেনা নতুন বইয়ের গন্ধ, আর পুরানো দিনের বাংলা গান, সাথে আকাশ ভাঙ্গা তুমুল বৃস্টি দেখলেই, মনে পড়ে যায় পুজা চলছে।
আমার পক্ষ থেকে বিজয়া দশমির অনেক অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


