
যে দিকে তাকাই,
দৃষ্টি থমকে যায় যান্ত্রিক নাগরিকতার দেয়ালে।
শহুরে ব্যস্ততার তীব্র কষাঘাত
আমাকে গৃহভৃত্যের মতো করে তোলে।
দাসপ্রথা শেষ হয়েছে সেই কবে।
কিন্তু ব্যস্ততা আজও আমাকে
পা-চাটা গোলাম করে রেখেছে,
প্রভুরূপী মানুষের।
না কি নামান্তরে আমার নিজেরই?
হৃদয় দিয়ে সবকিছু পেতে চাই।
হয়ত পাইও।
কিন্তু অনুভবের আগেই
ব্যস্ততার হিংস্র চোয়াল আমায় কামড়ে ধরে,
ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।
বদলে দেয় হৃদয়হীন এক যন্ত্রদানবে।
তাই ক্ষমা চাই সবার কাছে।
হয়ত পাই। কখনও হয়ত পাই না।
তাতে কি?
আমি যে ব্যস্ত মানুষ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




