
ছেলেটি বলেছিল -
"তুই আমার দেখা সবচে সুন্দরী নারী।"
মেয়েটি অভিমানে ঠোঁট ফোলায়;
"তুই কতজনকে দেখেছিস?
শুধুই তাদের মধ্যেই? সারা পৃথিবীর মধ্যে নয়?"
ছেলেটি বিহবল হয় -
"তোর চোখে তাকিয়েই আমি পৃথিবী দেখেছি।
আর কিচ্ছু তো দেখতে পারিনি।
আমার পৃথিবী ওই কাজল-টানা চোখেই ডুবে আছে যে।"
মেয়েটি জিজ্ঞেস করে -
"তুই এত দুষ্টু কেন? কিচ্ছু কথা শুনিস না।
আমার যে অনেক রাগ হয়।"
ছেলেটি হাসে -
"রাগলে তোর নাক ঘামে।
আর সেই রাগী-ঠোটের কবাট যে কত্ত মিষ্টি; জানিস না।
তাই এই দুষ্টুমি। বুঝলি?"
মেয়েটির চোখ আধবোঁজা হয় -
"এত্ত পাগল কেন তুই?
একদিন না দেখলে কি হয়?"
ছেলেটির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে-
"বাতাস ছাড়া কি কেউ বাঁচে, বল?"
মেয়েটি মুক্তো ঝরিয়ে হাসে -
"তুই কি বোকা রে!
২০টা বছর ধরেও দেখার সাধ মেটে নি?"
ছেলেটি এবার চুপ করে থাকে।
কিভাবে বোঝায় -
কখনও কখনও ২০ বছরও ২০ পলকেই পার হয়ে যায়।
কিছু কথা তাই না বলাই থাকে তার।
.
.
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



