কি এক অদ্ভুত নেশায় পড়ে গেছি। লেখালিখির।
প্রতিদিন কিছু না কিছু না লিখলে, ব্লগে পোস্ট না করলে অস্থির লাগে। মনে হয়, দিনটা অপূর্ণ থেকে গেল।
মাঝে মাঝে নেশাটা বাড়ে। তখন একটা গল্প বা কবিতায় মন ভরে না। ভেতরটা তখনও ভরা ভরা লাগে। যেন শিব্দগুলোকে জোর করে আটকে রেখেছি বুকের খাঁচায় আর করোটির দেয়ালের মধ্যে। একবার লিখে ফেললেই হালকা।
আমি তো আর পেশাদার লেখক নই। স্বভাবকবিও নই। লেখার এত উপাদান বা গল্পের পছন্দসই প্লট কোথায় পাব? তখন হাঁতড়াতে থাকি স্মৃতির অলিগলি। চারপাশে কি দেখলাম এ কদিনে - সেগুলোও মনে করার প্রাণপন চেষ্টা চালাই। সফলতা কিন্তু বেশিরভাগ দিনই আসে না। তখনই ওই বুকে চাপ ধরা অনুভূতি। তখনই সেই মস্তিষ্কে রক্তকনিকাগুলোর ব্যর্থ ছোটাছুটি। নিজেকে ক্রমশ অপদার্থ ভাবা।
আচ্ছা....এ কি শুধুই লেখার নেশা? নিজেকে কিছুটা জাহির করার ইচ্ছে নয়? নাই-ই বা যদি হবে, তবে কেন দেখতে যাই আমার লেখা কে কয়বার পড়ল? অথবা মন্তব্যের ঘরে কে কিভাবে বিশ্লেষণ করল আমার লেখাটা? অস্বীকার করব না, বেশি পাঠককে আকর্ষণ করতে পারলে লেখার উৎসাহ সমানুপাতিহারেই বেড়ে যায়। এমনকি নতুন নতুন আইডিয়াও আসে।
এই দোদুল্যমানতার মধ্যে দুলছি সবসময়।
তাহলে কি লেখা শুধু পাঠকের জন্য? পাঠকপ্রিয়তা পাওয়ার জন্যই এত কসরত? তাহলে কি একান্ত নিজের জন্য কিচ্ছু লিখে যাওয়া যায় না? আমার লেখা শুধু আমিই পড়লাম, লেখার উদ্দেশ্য এটা হতেই পারে না।
তারমানে, লেখার ওপর আসলে দাবীদার দু'জন - লেখক এবং পাঠক।
যখন এই দুইএর সম্মিলন ঘটে, তখনই সেটা হয় সার্থক লেখা।
নয় কি?
#গদ্যতাড়না
১৬ই জুন ২০১৭ | রাত ২:৪০ মিনিটকি এক অদ্ভুত নেশায় পড়ে গেছি। লেখালিখির।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




