
আজকে দেখি মেঘলা দিনে আকাশটা খুব কালো,
সূর্যটা যে চুপটি করে কোন কোণে লুকোলো।
কমলো মেঘের ওজন যে আজ ঝরিয়ে ঝর্নাধারা,
এমনদিনে শান্ত দুপুর মন করে উতলা।
একটি ভীষন ব্যস্ত মানুষ হঠাৎ তুলে চোখ,
জানলা পানে থমকে ভাবে, আজকে ছুটি হোক।
রাস্তা জুড়ে গাড়ির সারি আটকে গেছে সবই
মেঘলা আকাশ শুধায় তাকে, 'আমার মতন হবি?'
'উদাস দুপুর, তপ্ত আকাশ, সব ভিজিয়ে দিয়ে
রাখ ফেলে তোর ব্যস্ততা আজ, যা তুই ভাবুক হয়ে।'
ব্যস্ত মানুষ ব্যস্ত বুকে হঠাৎ কাঁপন জাগায়
এমন উদাস ভাবুক দুপুর মনটারে তার কাঁদায়।
ইচ্ছে তার আজ করছে ভারি ভেজাতে মাথার চুল
বৃষ্টি ফোঁটায় স্নান করে আজ শুধরে নেবে ভুল
ছপছপিয়ে হাঁটবে সে আজ মাড়িয়ে সবুজ ঘাস
বুকটি ভরে টেনে নেবে বিশুদ্ধ নিঃশ্বাস।
দুষ্টু ছেলের মতন করে ভিজবে সারা দিন
আজকে সে তার ব্যস্ততাকে করবে কর্মহীন।
এমনতর ইচ্ছেগুলো বুকটা জুড়ে কাঁদে,
মানুষটি যে আটকে গেছে ব্যস্ততারই ফাঁদে।
মেঘলা দুপুর, বৃষ্টি ঝরা - এসব আমার নাই,
কাজের ফাঁকে তাই একটু কাব্য লিখি তাই।
#কাব্যতাড়না
(১৯ জুন ২০১৭ | দুপুর ৩ টা)
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




