
(আজ থেকে ঠিক বিশ বছর আগে, ১৮ই জানুয়ারি ১৯৯৭ সালে এই চিঠি লেখা। কখনও তাকে পাঠানো হয়নি। এ আমার প্রথম এবং একমাত্র না পাঠানো চিঠি)
--------------------------+
"আমার ডাইরি লেখার অভ্যাস নেই। কারণটাও আমার জানা নেই। হয়ত কখনও ইচ্ছে করেনি। তাই আজ যখন কলম নিয়ে ডাইরি খুলে বসেছি, নিশ্চয়ই তার একটা কারণ আছে।
কারণটা যদিও আমার জানা, তারপরও ডাইরির পাতায় তা লিখে রাখছি একারণে যে এই ঘটনাটা আমার জীবনের খুব অত্যাশ্চর্য ঘটনা। বলা যায় অকল্পনীয়। আমি চাই সময়ের আবর্তে আমার আজকের আবেগী হৃদয় পরিবর্তিত হলেও যেন এই লেখা আমার স্মৃতির অণুগুলোকে উজ্জীবিত করে তুলতে পারে।
তোমাকে আজ পরিপূর্ণভাবে নিজের করে পেয়েছি। তোমার পাশে বসে কথা বললাম আজ। আমরা কিছুক্ষন রিকশাতে একসাথে ঘুরলামও। লেখালেখিতে আমি দূর্বল। আমার হৃদয়ের অনুভূতিগুলো তাই ঠিকমত প্রকাশ করতে পারছিনা। শুধু একটা কথাই লিখতে পারছিঃ আমার সারা মন-প্রাণ-মস্তিষ্ক জুড়ে যদি কেউ থাকে, তাহলে সে তুমি। তুমি আমার, আমি তোমার - এটাই প্রেম।
যতই গল্প উপন্যাস পড়েছি না কেন আজ সত্যিকরে উপলব্ধি করতে পারছি; কি স্বর্গীয়, কি মধুর এই প্রেম। তাই এটাও বুঝতে পারছি, কেন প্রেমে পড়লে সবাই কবি হয়ে যায়।
আর লিখব না। ডায়রি বন্ধ করে এখন শুধু তোমার কথা ভাবব।"
#গদ্যতাড়না
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




