এই পত্রে কমবেশি কুয়াশা লেগে থাকবে_ সেটাই সহজ প্রকল্প
যেহেতু মাকড়সার জালের সঙ্গে কুয়াশার একটি ইঙ্গ-মার্কিন চুক্তি রয়েছে
এই পত্রে কমবেশি শিশিরও জড়িয়ে যাবে_ সেটাই সরল গল্প
কেননা, সমুদ্রের তীরে দাঁড়িয়েও একদিন চোখ থেকে একফোটা অশ্রু ঝরে পড়ে
আমি সতর্ক, যথা কুয়াশার কথা লিখছি না, কুয়াশাই আমার সঙ্গে
পথে পথে রহস্যপ্রস্তাব করছে
আমি সজ্ঞান, তথা শিশিরের কথাও লিখছি না, শিশিরই আমাকে বরং
নিঃশব্দে পতন শেখাচ্ছে
পত্রে আমি তোমার কথাও লিখছি না, তুমিই শাদা কাগজের উপর
লেখা হয়ে হয়ে যাচ্ছ
পত্রে আমিও সময়ের কথাও লিখছি না, ঘড়ির কাঁটাই কালো কালো অক্ষরে
নৈশ-ধারণাকে ঘনীভূত করে তুলছে
যদিও, আমি লিখতে চেয়েছিলাম, একটি হলুদপাতা ঝরানৃত্য কোথায় শিখেছে?
প্রেমিকমনের ছাপচিত্রে অসংক্ষিপ্ত অভিপ্রায় জানাতে চেয়ে পত্রে আমি
বাল্যমাঠের শর্ষেফুলে প্রজাপতির রঙিন আত্মজীবনী লিখতে চেয়েছিলাম
যদি আত্মহত্যা করি তো এই পত্র আত্মহত্যার আগে লেখা অসংলগ্ন চিরকুট :
_আমার মৃত্যুর জন্য এবারের অপার্থিব শীতকালই দায়ী...
২০০৪
তেলরং, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, ১৯৯৮
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




