এবার, লিখে রাখছি বনভূমি, অথচ লোকালয়ে
আমার কোনো শেকড়ও নেই, ডানাও নেই... পাখি!
লিখে রাখছি দু’একটা দিন রৌদ্রবিহীন... দূরে
আমি যে এই বাড়িতে থাকি- বাড়িটা ভবঘুরে!
এবার, এঁকে রাখছি উলুখড় ও চৈত্রপারের হাওয়া
যা রয়েছে হাড়ের মজুদ... ও হ্যাঁ কাঠের প্রতিভা!
এঁকে রাখছি আসন্ন রাত বা উন্মাদ গলি-
গলির শেষে গল্প একা, সে যায় শহরতলি!
এবার, লিখে রাখছি ভ্রমাত্মকের দগ্ধ ইতিহাস
স্থানীয় আকাশ, অমর দিনাজপুরের মাঠে
মৃত জোছনা পড়ে আছে সম্ভাবনার পালে-
তাই লিখি এই টেবিলে- মানে, বৃক্ষের কঙ্কালে!
আর লেখা সেই শাদা কাগজ, হাওয়াতে যায় উড়ে
আমি যে এই বাড়িতে থাকি- বাড়িটা ভবঘুরে।
১৯৯৮
Posted by Godhuli Kollan Songho
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




