মাগো, এখানে বৈশাখ নেই,
১৪ এপ্রিলে কোন যুবতী লাল শাড়ি-চুরি পরে ঘুরতে বেরোয় না,
আনন্দে উচ্ছল কোন তরুণকে দেখা যায় না মঙ্গল শোভাযাত্রায়,
শিল্পীর রঙিন তুলির আঁচড় থাকে না কিশোরীর গালে ।
মাগো, এখানে বৈশাখ নেই,
নেই ইলিশ মাছের ঘ্রাণ, কিংবা কাচালংকা-পান্তাভাত,
রাতে ফিরতে দেরি হলেও - দরজাটা বাইরে থেকে নিজেকেই খুলতে হয়,
কেউ বলে না, "ভাত ঢাকা আছে, খেয়ে নে বাবা"
মাগো, এখানে জীবন স্কুলের সেই অঙ্কের মাস্টারমশাইয়ের থেকেও নিষ্ঠুর,
যার ভয়ে তোমার ছেলেটি রোজ স্কুল পালাতো,
জীবন এখানে ঝড়ের রাতে প্রদীপের শিখার মতো
ফুরিয়ে যাবার ভয়ে বাঁচার কি আপ্রাণ চেষ্টা. . . . . .
মাগো, এখানে কোনো নববর্ষের উল্লাস নেই,
আছে শুধু আরও একটা দিন টিকে থাকার প্রচণ্ড আকুতি।
মাগো, আমি ভালো নেই,
তুমি ভালো থেকো . . . . . . . .
*********************************************************
সবাইকে নববর্ষের শুভেচ্ছা - নতুন দিনগুলো আরও ভালো কাটুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


