গতকাল সোমবার সোনালী ব্যাংক মহেশপুর শাখায় এক ব্যক্তি ডিডি করতে এলে অভিনব কায়দায় তার ১ লাখ টাকা খোয়া যায়।
জানা গেছে, মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল খালেক (৩০) গতকাল সোমবার সকালে মহেশপুর সোনালী ব্যাংকের চলতি হিসাব নং ১৫৭৯৭ থেকে ঢাকা ফুলবাড়িয়া শাখায় ইসমাইল হোসেন হিসাব নং ৪৩০০০০০৭২ নম্বরে চেকের মাধ্যম ডিডি করতে আসেন। ডিডি করার জন্য তিনি ব্যাংকে কর্মরত কম্পিউটার পরিচালক তুহিন আলমের কাছে তার ডিডির কপি ও ১ লাখ টাকার চেক প্রদান করেন। তুহিন আলম তাকে ডিডির কপিটি হাতে ধরিয়ে দিয়ে ম্যানেজারের নিকটে যাওয়ার কথা বলেন। আব্দুল খালেক ডিডির কপি ম্যানেজারের কাছ থেকে অনুমোদন করে নিয়ে ক্যাশ কাউন্টারে এসে ক্যাশিয়ার আসাদুর রহমানের কাছে ডিডির কপি জমা দিলে ক্যাশিয়ার জানায় কিছুক্ষণ আগে এ হিসাব নম্বর থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে এবং বর্তমানে এ হিসাব নম্বরে টাকা উত্তোলন বা ডিডি করার মতো কোনো টাকা নেই। এর আগে আব্দুল খালেক গত রোববার ডিডি কীভাবে করা হয় এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ব্যাংকে আসেন এবং কম্পিউটার অপারেটর সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি সোমবার সকালে ব্যাংকে এলে অভিনব কায়দায় তার ১ লাখ টাকা খোয়া যায়।
আব্দুল খালেক জানান, কম্পিউটার অপারেটর আগে থেকেই পরিকল্পনা অনুযায়ী লোক সেট করে তার এ ১ লাখ টাকা উত্তোলন করে নিয়েছে। কারণ তাকে সহযোগিতার নামে বিভিন্ন টেবিলে বারবার পাঠিয়ে সময় ক্ষেপণ করানো হয়। এ সময় ওই কম্পিউটার অপারেটরের পরিচিত লোক তাকে ফলো করে, পরে তার আর দেখা যায় নি। এ সম্পর্কে সোনালী ব্যাংক মহেশপুর শাখার ম্যানেজার বলেন, বিষয়টি সম্পর্কে তিনি তেমন কিছু জানে না। এ বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত আছে বলে মনে হয় না। তবে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



