আমার দুঃখ রেখার আঁতুড়ঘরে
যখন তখন লাগে দ্রৌপদী হাওয়ার আগুন,
সোনালী শোকে উলঙ্গ তারার পঙতি এঁকে নামে
মাতৃহীন দূরের আকাশ;
বুক ভেঙ্গে আরও কাছে আসে মৌণতার আয়ুকাল,
জং ধরা জল জলাঙ্গে ইচ্ছে হলেই আড়ি পেতে শুনি
সাঁওতাল ডুবুরীর অকাল মরণ-
গানে গানে ছিঁড়ি শব - ভয় বৃত্তান্ত তোরণ কিছুটা
সুখ অসুখ কিংবা অবহেলার বীজে ক্রুশ বিদ্ধ যিশু'র
গোপন নিরাময় চেয়ে মানুষের চামড়া -চুল -নাম -সমাধি
বদল করে আনি পিঁপড়েদের বাড়িঘর ভবিষ্যত।
বিষাদের বয়ঃসন্ধি এতো আমার গত বসন্তে
মরে যাওয়া অদেখা জন্মের উদীচী উদ্ভিদ -
বিষাদের বয়ঃসন্ধি আমার শুদ্ধ বেদনার
চির সবুজ কারুকাজ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




