মিসির আলি সাহেব আধশোয়া হয়ে শুয়ে আছেন।তাঁর চোখ দু'টি খোলা না বন্ধ আমি বোঝার চেষ্টা করছি।মানুষ যখন কোন বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে, তখন নাকি চোখ খোলা থাকলেও সে কিছু দেখতে পায় না।মিসির আলি কি কোনো রহস্যের জট খোলার চেষ্টা করছেন?তাঁর কোলের উপর একটা বই।বইটার নাম- Beyond Mental Slavery: Steeve Gillman.
বেশ কিছুক্ষণ হলো আমি এখানে এসেছি।বোঝার চেষ্টা করছি,আমার উপস্হিতি তিনি টের পেয়েছেন কিনা।টের না পাওয়ার কথা না।মিসির আলী সাহেব তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী।কিন্তু তিনি আমাকে কিছু বলছেনও না।
:মাথাটা ভীষণ ধরেছে।আপনার কাছে দু'টা প্যারাসিটামল হবে?
:জি হবে,এই নিন।
আমি পাঞ্জাবির পকেট থেকে দুটো নাপা ট্যাবলেট বের করে দিলাম।মিসির আলি সাহেব দু'টো ট্যাবলেট একসঙ্গে খেয়ে ফেললেন এবং আগের মতো আধবোজা চোখে শুয়ে পড়লেন।আমি একটু উশখুশ করতে লাগলাম।
মিসির আলি বললেন,আজ আমার শরীরটা ভালো নেই,আপনি কাল আসেন।
আমি বললাম, স্যার,আমার বিষয়টা অতীব জরুরী।আমি অনেক দূর থেকে এসেছি।আজকেই আবার চলে যেতে হবে।
মিসির আলির কপালের কুঁচকানো পেশিগুলো একটু শিথিল হয়েছে মনে হচ্ছে, ওষুধের ডাবল ডোজ দ্রুত কাজ শুরু করেছে।তিনি বিছানায় উঠে বসলেন।আমি আমার কাহিনী শুরু করলাম...
:স্যার,আমি প্রতি রাতে একটা স্বপ্ন দেখি।প্রথম দিন স্বপ্নে দেখি,আমি একটা ৩০ তলা ভবনের ছাদে দাঁড়িয়ে আছি।হঠাত্ একটা মেয়ে ছাদের পূব দিক থেকে ছুটে এসে নিচে লাফ দেয়।মেয়েটারে বাঁচাইতে আমিও দৌড় দেই এবং ছাদ থেকে লাফিয়ে পড়ি।
:আফজাল সাহেব,আপনি কি বিবাহিত?
:জি স্যার,বিবাহ একটা করেছিলাম।বউটা বছর দুই আগে আত্মহত্যা করছে।
:ঠিক আছে,এর পরে কী হলো বলেন।
:এর পরে স্যার,আমি মেয়েটারে বাঁচানোর জন্য লাফ দেই।কিন্তু ২৯ তলা পর্যন্ত গিয়ে ঘুম ভেঙে যায়।পরের দিন আবার একই স্বপ্ন প্রথম থেকে দেখা শুরু করি এবং যথারীতি ২৮ তলা পর্যন্ত গিয়ে আমার ঘুম ভেঙে যায়।
:আপনি কত দিন যাবত স্বপ্নটা দেখছেন?
:২৯ দিন যাবত্,স্যার।
:তাহলে ত আজই আপনার স্বপ্নের শেষ পর্বটি দেখবেন।
:জি স্যার, সে রকমই মনে হচ্ছে।কিন্তু একটা সমস্যা হয়ে গেছে।
:কী রকম?
:আমি যে বিল্ডিংয়ে থাকি, সেটা ৩০ তলা।আমি এর ছাদের চিলেকোঠার একটা ঘরে থাকি।গত রাতে ছাদ থেকে লাফিয়ে পড়ে ২৭ তলার ফ্ল্যাটের একটা মেয়ে মারা গেছে।
:আপনি স্বপ্নে যে মেয়েটিকে দেখেন,তার সঙ্গে ঐ মেয়েটার কোনো মিল আছে?
:আমি স্যার, স্বপ্নে মেয়েটারে পেছন থেকে দেখি।তাই চেহারা দেখতে পাই নাই।তবে লাফ দেওয়ার সময় তার ওড়নাটা বাতাসে উড়ে এসে আমার গায়ে লাগে।সকালে ঘুম থেকে উঠে দেখি, ওড়নাটা আমার হাতে পেঁচানো।
:আফজাল সাহেব,ধানমন্ডি থানার ওসির কিছুক্ষণের মধ্যেই একটা কাজে আমার বাসায় আসার কথা।আমার ধারণা, মেয়েটার মৃত্যুতে আপনি কোনোভাবে জড়িয়ে পড়েছেন।মৃত্যুর বিষয়টা তদন্তের জন্যও তার সাহায্য প্রয়োজন হতে পারে।আপনি বরং ততক্ষণে দুই কাপ চা বানিয়ে ফেলুন।চুলায় চায়ের পানি বসানো আছে।আমার কাপে চিনি দেবেন না।ইদানীং চিনি ছাড়া চা খাওয়ার চেষ্টা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


