মা গো , খুব দরকার ছিলো আজ তোমাকে ।
তোমার বিভ্রান্ত সন্তানরা আজও
মায়ের হাত না পেলে পথ ভুলে যায় ।
রথের মেলার শিশুদের মত ,
ভুল কারো হাত ধরে চলে যায় ভাঙা রাজবাড়ি কি পাটক্ষেতে ।
আর ফেরে না নিকোনো উঠোনে ।
যারা একটু বড় ।
যারা কামার্ত শাসকের হাত চেনে ,
তারাও আজ সযত্নে এড়িয়ে চলে ক্ষতিকর বিপ্লব ।
আধুনিক জমানায় অর্থনৈতিক আগ্রাসন বেশি জরুরী।
হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে ,
ভাই ভাই বুকে বুক লাগানোর দিন আজ ।
মা গো ! বড় দরকার ছিলো তোমাকে !
তোমার বিভ্রান্ত সন্তানরা আজও
মায়ের হাত না পেলে পথ ভুলে যায় ।
আমাদের নাভি থেকে জিহবা আগুনে পোড়া ।
তবু আমরা আগুন খুঁজে খুঁজে হয়রান হই ।
আর শিশুরা পৌঁছায় না ।
না শশ্মানে , না উঠোনে ।
শুধু জারজ শূকর ছানারা মেটাস্ট্যাটিক বেড়ে চলে
জলপাই রঙের সবুজ জরায়ুতে !
[ জাহানারা ইমাম - একজন থেকে সকল মুক্তিযোদ্ধার মা , বরাহদের ভিড়ে একজন সাহসী মানুষ । তাঁকে সালাম । তাঁর অভাবটা বড় বেশি অনুভব করছি ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

