এই তো কিছুক্ষণ, আর একটু অপেক্ষা,
আর একটি জীর্ণ মৃতপ্রায় বছরকে বিদায় দিয়ে
আমরা বরণ করব নতুন এক বছর।
নতুন নতুন আশার পসরা সাজাব
মনের আকাশে খেলব রঙের হোলি।
আমার অলস কল্পনা আজ মহাকাশে ছুটে
রকেটকে হার মানিয়ে।
আজ হাত বাড়িয়ে চাই ছুঁতে
আকাশে ফুটে ওঠা ক্ষণিকের রংধনু,
রঙ চুরি করে জীবনটাকে সাজাব বলে।
আজ যেন বাধঁনহারা আমি, আজ যেন "চির-বিদ্রোহী বীর"।
আজ যেন আমার জন্মদিন।
এই তো কিছুক্ষণ, আর একটু পরেই নতুন বছর;
চেয়ে দেখি বিষণ্ণ দেয়াল ঘড়ি অবসাদে টিক টিক করে চলে
বাইরে বৃদ্ধ বাবার ক্লান্ত অবশ পায়ের হাঁটার শব্দ।
এখনো কোথাও এক রিক্সাচালক টিং টিং ঘন্টি বাঁজিয়ে ঘরে ফেরে
প্রিয়তমার পাশে বসে দু'মুঠো ভাত খাবে বলে।
রেল স্টিশনে কোন একটি পরিবার ঘুমানোর প্রস্তুতি নেয়-
দানে পাওয়া একটি কম্বল তিনটি গায়ে ফেলে।
এই তো কিছুক্ষণ, আর একটু অপেক্ষা!!
পুরাতন সূর্য নতুন করে উঁকি দিলেই
শীতার্ত দীর্ঘ রাত্রির হবে অবসান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


