সুপ্রিয় ১৬,
তুমি কি আমায় একটি লাল সূর্য দেবে ?
ভোরের ঘুম ভেঙ্গে দেখবো পূর্ব দিগন্তে ।
আমাকে দেবে কি চন্দ্র তারার একটি আকাশ ?
জোছনায় হাসনাহেনার ঘ্রাণ গিলে খাওয়ার অনেক দিনের শখ ।
সুপ্রিয় ১৬.
আমায় দিতে পারো কি একটি পাখি ?
পাখনায় চড়ে দিক্ দিগন্তে উডতে যে ইচ্ছে করে ।
আমাকে হাস্যজ্জ্বল মায়ের একটি কোল দিতে পারো কি ?
বহুকাল আঁচলের গন্ধ নিয়ে সুখনিদ্রা যাইনি ।
সুপ্রিয় ১৬,
একটি স্বপ্ন তুমি কি আমায় দিতে পারো ?
অনেক সকাল ফুটেছে স্বপ্নহীন রাত নিয়ে ।
তুমি কি আমায় দিতে পারো এক টুকরো মাঠ ?
সারা বিকেল খেলায় মুখিয়ে উঠিনা বহুদিন হয় ।
সুপ্রিয় ১৬,
আমায় কি দেবে রক্তে ভেজা একমুঠো ঘাস ?
গড়াগড়ি দিয়ে নিতে চাই কুরুক্ষেত্রের অকৃত্রিম স্বাদ ।
অথবা দিতে পারো কি বুলেটে ফুটো হওয়া কোন লাল শার্ট ?
গায়ে দিয়ে অনুভব করবো যন্ত্রণায় কাতর কোন অমর শরীর ।
অথবা দিতে পারো কি সদ্য সম্ভ্রমহারা কোন যুবতীর চিৎকার ?
হৃদয়ে গিলতে ইচ্ছে করে জরাজীর্ণ চুলের পাগল হওয়া পাথর মুখটি ।
অথবা দিতে পারো কি জলাশয়ে পড়ে থাকা কোন লাশের স্তূপ ?
তাঁদের সাথে শুয়ে শুনতে ইচ্ছে করে আত্মত্যাগের মুহূর্তকথা ।
সুপ্রিয় ১৬,
জানি তুমি নিঃস্ব হওয়া নিষ্পাপ দুটি চোখ নিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে,
জানি তুমি দিয়ে দিয়েছে সবকিছু সেই কবের একাত্তরই,
কি করবো বলো তোমার দেওয়া কিছুই যে আমার নেই এখন,
হারিয়ে ফেলেছি অবহেলার দীর্ঘ মাটিচাপায়,
আমিও এখন নিঃস্ব তোমারই মতো,
ক্ষমা করে দাও আমায় ।
সুপ্রিয় ১৬,
তবুও কি দিতে পারো বিজয়ের একটি চিৎকার ?
বলতে পার কি এ বিজয় আমাদের ?
শুনে একটু শিহরণ জাগাতাম ঘুমন্ত শরীরে,
হয়তো জেগেও উঠতে পারে তোমার দেওয়া অমূল্য সম্পদগুলো ।
... ১৯৭১ সালের আত্মত্যাগকারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং সবাইকে বিজয় দিবসের উষ্ণ শুভেচ্ছা....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


