
যখন তোকে খুব ভালবাসি
দেশে কোন অশান্তি থাকে না
কোন খুন-খারাবি গুম-শুম ক্রসফায়ার
কিচ্ছু থাকেনা; প্রশাসন এতোই স্বচ্ছ নীল
মনে হয় সেইন্ট মার্টিনের তীর থেকে সাগর দেখছি।
তুই যখন পাশে বসিস
হাতটি ধরে, গা ঘেঁষে; ইচ্ছে করে
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা মানপত্র লিখি:
দেশজননী, তুমি ধন্য
একটা নিরাপদ পার্ক দিয়েছ
তোমার দুষ্টুদের প্রেম করার জন্য।
খুব বেশি, যেদিন আমরা ভালবাসি
পত্রিকায় কোন খারাপ খবর
প্রকাশ হয় না, কেউ জলে ভাসে না
আরজেরা সুন্দর করে বাংলা বলে
দলনিরপেক্ষ স্ট্যাটাস দেখি ফেসবুকে।
আমাদের ভালবাসায় স্বয়ং বেরসিক
হাইকোর্টের ভাষা হয় কাব্যময়
আমরা ভালো থাকলে সবকিছু ভালো থাকে
রাষ্ট্রপতি প্রদান করেন 'জাতীয় জুটি' সম্মাননা
এমনকি উটমানবরা বালিতে মুখ গুঁজে রাখেন না।
ইদানীং আমাদের প্রেম ফর্মে নেই
দেশের পারফর্মেন্স হচ্ছে খুব বাজে
শাহবাগে সভা বসে 'তোমরা ফিরে এসো'
আমরা খুঁজে পাই না আমাদেরকেই
তোমাদের চাপিয়ে দেওয়া বাস্তবতায়
আমাদের মধুচন্দ্রিমা অমাবস্যা হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

